• Latest News

    মুসলমানদের ভারত থেকে বের করে দেওয়ার হুমকি: বিজেপি বিধায়ক

    আন্তর্জাতিক ডেস্ক :
    ভারতের  মধ্য প্রদেশের ভোপালে এক অনুষ্ঠানে মুসলমানদের প্রতি ইঙ্গিত করে হায়দ্রাবাদের বিজেপি বিধায়ক রাজা সিং বলেছেন, যারা ‘বন্দে মাতরম’ গাইবে না তাদের দেশ থেকে বের করে দেয়া হবে।
    রাজা সিং বলেন, আমাদের দেশে বাস করে এরা হিন্দুদের বিভক্ত করার কথা বলছে এবং বন্দে মাতরম গায় না। যদি এরা বন্দে মাতরম না গায় তাহলে এদের জোর করে এখান থেকে বিতাড়িত করা হবে। যেকোনো ধর্মের মানুষ হোক না কেন তাকে ‘বন্দে মাতরম’ গাইতেই হবে। অন্যথায় তার ভারতে থাকার কোনো অধিকার নেই।
    রাজা সিংয়ের দাবি, সমস্ত মুসলমান হিন্দুদের সন্তান এবং ভারতে থাকতে হলে, বন্দে মাতরম বলতে হবে। গণমাধ্যমের একটি সূত্র বলছে, রাজা সিং মুসলিমদের বিরুদ্ধে যে সব আপত্তিকর কথা বলেছেন তা লেখার যোগ্য নয়।
    অন্যদিকে, কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি বিধায়ক রাজা সিংয়ের মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে। কংগ্রেসের সিনিয়র নেতা সালমান খুরশিদ বলেছেন, প্রচার পাওয়ার জন্য ওই বিধায়ক এ ধরণের মন্তব্য করেছেন। এটা খুব দুঃখজনক। বিধায়ক হওয়ার সুবাদে তার এমন কথা বলা উচিত নয়।
    গত ১৩ এপ্রিলের রাজা সিংয়ের এ সংক্রান্ত এক ভিডিও গণমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। তিনি ভোপালে হনুমান জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন।
    বিজেপি’র ওই বিধায়ক কয়েকদিন আগেই রাম মন্দির নির্মাণের বিরোধিতাকারীদের মুণ্ডচ্ছেদ করার হুমকি দিয়েছিলেন।
    মধ্য প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পুলিশের মহানির্দেশকের কাছে রাজা সিংয়ের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগপত্রের সঙ্গে এ সংক্রান্ত একটি ভিডিও তথ্য হিসেবে জুড়ে দেয়া হয়েছে।
    বিজেপি মুখপাত্র হিতেশ বাজপেয়ী রাজা সিংয়ের মন্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন। mb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মুসলমানদের ভারত থেকে বের করে দেওয়ার হুমকি: বিজেপি বিধায়ক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান