অনলাইন ডেস্ক :
জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ ।
আজ বুধবার বিকেলে শেরে বাংলা নগরে নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, আমি নিজে রাজধানীতে দুটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আপনারাও ভোটকেন্দ্রের শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যক্ষ করেছেন।
তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচন অন্যান্য নির্বাচন হতে ভিন্ন। বিভিন্ন স্থানীয় সরকার পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিগণ জেলা পরিষদের নির্বাচনে ভোট প্রদান করেছেন।
তিনটি পার্বত্য জেলা ছাড়া ৬১টি জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হয়।
সিইসি বলেন, প্রচলিত নির্বাচন ব্যবস্থা হতে ভিন্ন এবং ভোটার সংখ্যা কম হলেও নির্বাচন কমিশন এ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে।
তিনি বলেন, সংসদ সদস্যরা যাতে এলাকায় থেকে প্রভাব বিস্তার করতে না পারেন তা নিশ্চিত করার জন্য তাদের এলাকা ত্যাগের নির্দেশ প্রদান করা হয়।
এ নির্বাচনে যেহেতু ভোটার কম, সেজন্য ভোটের গোপনীয়তা রক্ষা ছিল একটি চ্যালেঞ্জ। এজন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। কোনো ভোটার যাতে প্রকাশ্যে ব্যালটে সিল না মারেন এবং ব্যালটের ছবি তুলতে না পারেন সেজন্য বিশেষ নির্দেশ প্রদান করা হয়। মোবাইল ফোনসহ সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ভোট সেন্টারে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়, যোগ করেন কাজী রকিবউদ্দীন আহমদ।
তিনি বলেন, তিনটি পার্বত্য জেলা ছাড়া ৬১টি জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ফেনী এবং ভোলা জেলায় সবগুলো পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৩১৪৩ জন। এরমধ্যে পুরুষ ৪৮৩৪৩ জন ও মহিলা ১৪৮০০ জন। মোট প্রার্থী ৩৯৩৮ জন, এর মধ্যে চেয়ারম্যান ১৪৬ জন, সংরক্ষিত সদস্য ৮০৬ জন, সাধারণ সদস্য ২৯৮৬ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ২১ জন। ভোট কেন্দ্র ৯১৫ টি। প্রতি কেন্দ্রে পুরুষ ও মহিলা ভোটারদের পৃথক কক্ষ ছিল।
নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সহযোগিতার জন্য প্রার্থী, সাংবাদিক, পর্যবেক্ষক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য, নির্বাচনী দায়ত্বপালনকারীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সিইসি। db.
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: নির্বাচন সুষ্ঠু হয়েছে: সিইসি
Rating: 5
Reviewed By: Unknown