• Latest News

    চাঁদা আদায়কে কেন্দ্র করে চকরিয়ায় মহাসড়ক অবরোধ


    কক্সবার্তা ডেস্ক :
    কক্সবাজারের চকরিয়ায় চাঁদা আদায়কে কেন্দ্র করে শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার মহাসড়ক অবরোধ করা হয়। এতে তিন ঘণ্টা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
    পরিবহন শ্রমিকেরা বলেন, চকরিয়ার ডুলাহাজারা বাজারে শ্রমিককল্যাণ ও মালিক সমিতির নামে মো. শওকত নামের এক ব্যক্তির নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি গত বৃহস্পতিবার পরিবহন শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় শুরু করেন। বিষয়টি জানতে পেরে শ্রমিকনেতারা গতকাল ডুলাহাজারা বাজারে যান। এ সময় মো. শওকতের লোকজন লাঠিসোঁটা নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালান।
    এতে মো. নজিবুল ইসলাম, হেলাল উদ্দিন, মো. পুতু, কামাল উদ্দিন, জামাল হোসেন, জিয়াবুল হক, মো. ইয়াছিন, সাকিবুল ইসলাম, মো. আনোয়ার, বশির আহমদ ও গিয়াস উদ্দিন নামের ১১ জন শ্রমিক আহত হন। তাঁরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কয়েকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
    এ ঘটনার প্রতিবাদে পরিবহনশ্রমিকেরা সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরসভার শহীদ আবদুল হামিদ বাস টার্মিনাল এলাকায় সড়কের ওপর গাড়ি রেখে অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কক্সবাজার ও চট্টগ্রামগামী যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
    পরেচকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামরুল আজম ঘটনাস্থলে গিয়ে শওকতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বেলা দেড়টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
    চকরিয়া উপজেলা মাহিন্দ্রা মালিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, শওকতের নেতৃত্বেকিছু লোক প্রতি গাড়ি থেকে ৮০ টাকা করে আদায় করছিল। এতে বাধা দিলে শ্রমিকদের ওপর হামলা করা হয়। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন।
    চকরিয়া-লামা-আলীকদম পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিক আহমদ বলেন, হামলার ঘটনায় ওই ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
    অভিযোগ সম্পর্কে জানতে শওকতের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
    চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামরুল আজম প্রথম আলো কে বলেন, নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝির কারণে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে বিষয়টি মীমাংসা করে যান চলাচল স্বাভাবিক করা হয়।
    সুত্র, প্রথম আলো

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চাঁদা আদায়কে কেন্দ্র করে চকরিয়ায় মহাসড়ক অবরোধ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান