• Latest News

    বাল্য বিবাহ প্রতিরোধে কক্সবাজার সদর ইউএনও’র নতুন উদ্যোগ

    ইমাম খাইর, সিবিএন:
    বাল্য বিবাহ প্রতিরোধে নতুন উদ্যোগ নিয়েছেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীনুর ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক প্রচারাভিযান চালাবেন। ঘরে ঘরে প্রচারপত্র পৌঁছাবেন। শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে পাড়া-মহল্লায় বাল্য বিবাহ বিরোধী সভা সমাবেশ করবেন।
    ইতোমধ্যে বাল্য বিবাহ বিরোধী প্রচারণার অংশ হিসেবে সদর উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেছেন ইউএনও মোঃ শাহীনুর ইসলাম। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত সভা শেষে জনপ্রতিনিধিদের হাতে তুলে দিয়েছেন প্রায় ২০ হাজার হ্যান্ডবিল ও বাল্য বিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে দুইশ’তাধিক ফেস্টুন।
    সভায় তিনি কক্সবাজার সদর উপজেলা প্রশাসন বাল্য বিবাহের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। বলেছেন, মেয়েদের ১৮ আর পুরুষদের ২১ বছরের নীচে কোন বিয়ে নয়। বাল্য বিবাহ যে কোন মূল্যে শুন্যের কোটায় নিয়ে আসতে হবে।
    জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, কক্সবাজার সদর উপজেলা এলাকা বাল্য বিবাহের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। প্রশাসনের অতি কড়াকড়ির মধ্যেও কৌশলে মেয়েদের বিয়ে দিচ্ছে অভিভাবকরা। কাবিননামার বদলে ব্যবহার করা হচ্ছে নোটারী ও স্ট্যাম্প। যেসব অভিভাবক রাষ্ট্রকে ফাঁকি দিয়ে এমন কাজ করছে তাদের খোঁজ নিন। কোথাও বাল্য বিবাহ আয়োজনের সংবাদ পেলে সাথে সাথে আমাদের খবর দিন। প্রয়োজনে বিয়ে মঞ্চে গিয়ে হলেও আমরা ‘বাল্য বিবাহ’ বন্ধ করব।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীনুর ইসলাম এর নিজ নামে ছাপানো প্রচারপত্রে লিখা হয়েছে, বাল্য বিবাহ প্রতিরোধ করি, সন্তানদের ভবিষ্যৎ গড়ি। বাল্য বিবাহের কারণে আপনার সন্তানের মৃত্যু ঝুঁকি বেড়ে যাচ্ছে। বাল্য বিবাহের রয়েছে নানাবিধ কুফল। এর মধ্যে অন্যতম কয়েকটি হলো-
    বাল্য বিবাহ নারীদের শিক্ষাগ্রহণ ও স্কুলে যাওয়ার পথে ব্যাঘাত ঘটায়। বাল্য বিবাহ নারীদের অর্থনৈতিক স্বাধীনতার অন্তরায়। বাল্য বিবাহে বিচ্ছেদের আশংকা বেশী। কম বয়সে বিয়ে দিলে সন্তান প্রসবকালে মৃত্যু ঝুঁকি থাকে। অপ্রাপ্ত বয়স্ক মা রোগাক্রান্ত ও প্রতিবন্ধি শিশুর জন্ম দেয়। কম বয়সে বিলে কারণে মা ও নবজাতক উভয়েই অপুষ্টিজনিত সমস্যায় থাকে। অল্প বয়সে বিয়ের কারণে জরায়ূ ক্যান্সারের সম্ভাবনা বেশী থাকে।
    বাল্য বিবাহ নিয়ন্ত্রণ আইন-১৯২৯ অনুযায়ী ছেলেদের বয়স ২১ এবং মেয়েদের বয়স ১৮ হতে হবে। অন্যথায় দন্ডণীয় অপরাধ। শুধু অভিভাবক নয়, যারা বাল্য বিবাহ আয়োজনের সাথে জড়িত তারাও সমান অপরাধী। এ কারণে কোথাও বাল্য বিবাহের সংবাদ পেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ০১৭৩৩-৩৭৩২০১, সদর মডেল থানার ওসি ০১৭১৩- ৩৭৩৬৬৩ এবং সদর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর ০১৭৩৩-৩৭৩২০২ নাম্বারে জানানোর জন্য বলা হয়েছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বাল্য বিবাহ প্রতিরোধে কক্সবাজার সদর ইউএনও’র নতুন উদ্যোগ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান