• Latest News

    আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে স্থলমাইন ও বিস্ফোরক পুঁতে রেখেছে মিয়ানমার


    নিজস্ব সংবাদদাতা:
    বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের অন্তত ৯টি পয়েন্টে জিরোলাইন ও কাঁটাতারের বেড়া ঘেঁষে স্থলমাইন পুঁতে রাখছে মিয়ানমারের সেনারা। নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু ও চাকঢালা সীমান্তের ওপারে মিয়ানমারের সেনারা ৪-৫ জনের দলে বিভক্ত হয়ে মাটিতে গর্ত করে কিছু একটা রাখছেন এমন দৃশ্য প্রায়ই দেখা যাচ্ছে। কিন্তু জিনিসটি কী, সেটি বোঝা যায় না। তবে ধারণা করা হচ্ছে, মাইন পুঁতে রাখছে মিয়ানমারের সেনারা। এসব তথ্য জানিয়েছেন পালিয়ে আসা মিয়ানমারের ডেকুবুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিল মোহাম্মদ ও তুমব্রু দক্ষিণ ইউপির চেয়ারম্যান আকতার আলম। এদিকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪টি পয়েন্টে মাইন বিস্ফোরণে এ পর্যন্ত এক বাংলাদেশি ও ১১ রোহিঙ্গা নারী-পুরুষ নিহত হয়েছেন বলে জানা গেছে।
    বাংলাদেশে আশ্রয় নেওয়া ইউপি চেয়ারম্যান দিল মোহাম্মদ ও আকতার আলম জানান, সীমান্তে মাইন পুঁতে রাখায় মিয়ানমারের অভ্যন্তরে আর ঢুকতে পারছেন না তারা। সীমান্তের নোম্যান্সল্যান্ডে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অনেকে মিয়ানমারের অভ্যন্তরে যাওয়ার সময় মাইন বিস্ফোরণে মারা যাচ্ছেন। রোহিঙ্গাদের জন্য মিয়ানমার সেনাদের পুঁতে রাখা মাইন নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। মাইন বসিয়ে সেনারা রোহিঙ্গাদের ফেরার রাস্তা বন্ধ করছে। রোহিঙ্গা গ্রামের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে তারা। জমির ফসলও কেটে নিচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। লাইক্ষ্যংছড়ির ঘুনধুম ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ ও নাইক্ষ্যংছড়ি সদর ইউপির চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী বলেন, সীমান্তে মিয়ানমার সেনাদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা বাড়ছে। বান্দরবানে ৪টি পয়েন্টে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশিসহ এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ১৫ জন। সীমান্তের ঘুনধুম, তুমব্রু, বাইশফাঁড়ি, রেজু, আমতলী, চাকঢালা, আষাঢ়তলীসহ ৯টি পয়েন্টে নোম্যান্সল্যান্ড ও কাঁটাতারের বেড়া ঘেঁষে স্থলমাইন বসিয়েছে মিয়ানমারের সেনারা। এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে সাধারণ মানুষও। এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরোয়ার কামাল জানান, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তের কাঁটাতার ঘেঁষে স্থলমাইন ও বিস্ফোরক পুঁতে রেখেছে মিয়ানমার। মূলত নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ঠেকাতেই তারা এটি করেছে। মাইন বিস্ফোরণে সীমান্তে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টির প্রতিবাদ জানানো হয়েছে। cd

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে স্থলমাইন ও বিস্ফোরক পুঁতে রেখেছে মিয়ানমার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান