• Latest News

    এমপিও নিয়ে দুর্নীতি হলে জানান: শিক্ষামন্ত্রী


    শিক্ষাবার্তা:
    এমপিওভুক্তি নিয়ে শিক্ষকরা কোথাও দুর্নীতি বা হয়রানির শিকার হলে তাকে জানাতে শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার রাজধানীর শিক্ষা ভবনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
    শিক্ষামন্ত্রী বলেন, মাউশির সমস্যা ও ব্যর্থতাগুলো চিহ্নিত করে তা সমাধানের ব্যবস্থা নিতে হবে। এমপিওভুক্ত শিক্ষকরা কোথাও দুর্নীতি বা হয়রানির শিকার হলে মাউশির মহাপরিচালক বা মন্ত্রীকে সরাসরি জানানোর জন্যও তিনি ভুক্তভোগীদের প্রতি অনুরোধ জানান। একই সঙ্গে তিনি মাউশি ও এর অধীন সবগুলো শাখার কাজের মান বাড়ানোর নির্দেশ দেন।
    এ সময় নাহিদ বলেন, যারা কাজের জন্য আসেন, তাদের হয়রানি না করে সেবার মাধ্যমে সন্তুষ্ট করতে হবে। মানুষের কাছে মাউশির ভালো ‘ইমেজ’ তৈরি করতে হবে।
    মাউশির সার্বিক কর্মকাণ্ড নিয়ে দিকনির্দেশনার জন্য এ সভার আয়োজন করা হয়। অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এসএম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এর বিভিন্ন শাখার প্রধানসহ সব কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন। সভায় অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
    শিক্ষামন্ত্রী বলেন, মাউশির কর্মকাণ্ডে অনেক সফলতা রয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। কর্মকর্তাদের কাজে আরও দক্ষতা বাড়াতে হবে। মনিটরিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়ে নাহিদ বলেন, সৃজনশীল দৃষ্টিভঙ্গি কাজে লাগিয়ে প্রকল্প বাস্তবায়ন ও সেবা প্রদানের ক্ষেত্রে নতুন নতুন কৌশল উদ্ভাবন করতে হবে। প্রকল্প পরিচালকদের কাজ পর্যালোচনা করে এসব প্রকল্পে যোগ্য পরিচালক নিয়োগ দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
    সূত্রঃ সমকাল

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: এমপিও নিয়ে দুর্নীতি হলে জানান: শিক্ষামন্ত্রী Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান