কক্সবার্তা ডেস্ক: এখন পর্যন্ত চট্টগ্রাম জেলায় চিকুনগুনিয়ার কোন নিশ্চিত রোগী পাওয়া যায় নি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের উদ্যোগে শনিবার (০৮ জুলাই) বিকেলে এই সভার আয়োজন করা হয়।
ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. অশোক কুমার দত্ত, অধ্যাপক ডা. সুজিত পাল, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসি বিশেষজ্ঞ ডা. হাসিনা নাসরিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. অজয় কুমার দে, ডেপুটি সিভিল সার্জন, ডা. মো. হুমায়ন কবীর, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের শিশু বিভাগীয় প্রধান ডা.শংকর কুমার ঘোষ, মেডিসিন বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ আবদুর রব, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভিন্ন বিভাগে কর্মরত সহকারী অধ্যাপক ও সিনিয়র-জুনিয়র কনসালটেন্টরা।
সভায় চট্টগ্রাম রেপিড রেসপন্স টিম উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।সিটি করপোরেশন ইতিমধ্যে ক্রাস প্রোগাম শুরু করেছে বলে সংস্থাটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান। জেলা বিএমএ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রধানদের নিয়ে প্রতিরোধমূলক কর্মসূচি গ্রহণের জন্য শীঘ্রই সভা আহবান করা হবে বলেও জানানো হয় সভায়।
এছাড়া সভায় আরও বলা হয়, চট্টগ্রামের সকল উপজেলা ও জেলার সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক প্রতিনিধিদের চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এনে আইইডিসিআর-স্বাস্থ্য অধিদপ্তরের প্রশিক্ষকের মাধ্যমে চিকুনগুনিয়ার উপর প্রশিক্ষণ দেওয়া হবে।
পাশাপাশি সিটি করপোরেশনের মাধ্যমে সকল ফ্ল্যাট মালিক সমিতিকে চিঠির মাধ্যমে তিন দিন পরপর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানোর অনুরোধ জানানো হবে। শিক্ষা বিভাগের সাথে আলাপ করে এবং জেলা প্রশাসনের মাধ্যমে সকল প্রতিষ্ঠানেও একই কর্মসূচি পালনের আহবান জানানো হবে।
জেলার সরকারি-বেসরকারি সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানকে আইইডিসিআরের ফরমেট অনুযায়ী চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে নিয়মিত রিপোর্ট প্রদানের জন্য অনুরোধ করা হবে। nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চট্টগ্রামে চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগী পাওয়া যায়নি
Rating: 5
Reviewed By: Unknown