• Latest News

    শুরু হচ্ছে মোশাররফ-মাহির ‘ফালতু’





    বিনোদন বার্তা::
    বেশ আগে থেকেই শুটিং শুরুর কথা ছিল ফালতু ছবির। কিন্তু ছবির নায়ক মোশাররফ করিমের শিডিউল-জটিলতার কারণে এত দিন শুরু হয়নি। এবার বড় পর্দার জন্য শিডিউল দিয়েছেন ছোট পর্দার এই তারকা।

    ফালতু ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, 'আগামী ৭ সেপ্টেম্বর থেকে শিডিউল দিয়েছেন মোশাররফ করিম।

    শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি।' তবে এই ছবির শুটিংয়ের লোকেশনগুলো বেশ ঝামেলাপূর্ণ হবে বলে জানান এই পরিচালক। তিনি বলেন, 'ছবির গল্পের প্রয়োজনে গাবতলী বাসস্ট্যান্ড, সদরঘাট, কমলাপুর রেলস্টেশনে শুটিং করতে হবে। জায়গাগুলোতে শুটিং করা অতটা সহজ হবে না। তা ছাড়া বান্দরবান পাহাড়েও ছবির কিছু অংশের কাজ করতে হবে।'

    এদিকে নাটকের শুটিংয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন মোশাররফ করিম। সেখান থেকে শিডিউল দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেতা। ভাইবারের মাধ্যমে তিনি বলেন, 'হ্যাঁ, শিডিউল দিয়েছি। নাটকের শুটিংয়ের ফাঁকে ফাঁকে ছবির কাজের প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, ঠিক সময়েই কাজ শুরু করতে পারব।'

    ফালতু ছবিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করার কথা মাহিয়া মাহির। বিষয়টি নিশ্চিত করলেও এখনো চুক্তি হয়নি বলে জানান মাহি। এই ঢালিউড-কন্যা বলেন, 'পরিচালকের সঙ্গে কথাবার্তা হয়েছে। শিডিউলের কথাও শুনেছি। কাজটি করব। তবে এখনো চুক্তি হয়নি। এর মধ্যে গল্প নিয়ে বসার কথা আছে।'
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: শুরু হচ্ছে মোশাররফ-মাহির ‘ফালতু’ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান