কক্সবার্তা ডেস্ক:
নড়াইলের লোহাগড়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দের ৫৪ লাখ ৪৬৮ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীরসহ ছয়জনের বিরুদ্ধে দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শুক্রবার (০৭ জুলাই) দুপুরে দুদকের সহকারী পরিচালক মো. আলী আকবর বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দু’টি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন-সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম রেজা, উপজেলা প্রকৌশলী মো. ওসমান গণি ও তিন ঠিকাদার।
এদিকে, মামলা দায়েরের পর বিকেলে প্রকৌশলী মো. ওসমান গণিকে গ্রেফতার করেছে দুদক।
মামলার এজাহার থেকে জানা গেছে, এডিপির ২০১৫-১৬ অর্থ বছরে চাচই-কালনা সড়ক কার্পেটিং কাজে বরাদ্দের ১১ লাখ ৪৬৮ টাকা আত্মসাৎ করা হয়।
এছাড়া প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত, ইমাম ও কাজীদের মধ্যে পোশাক বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে আসবাবপত্র, ক্রীড়া সামগ্রী, সিলিং ফ্যান, জার্সি, বাদ্যযন্ত্র বিতরণসহ ২৪টি প্রকল্পে এডিপির ৪৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
এসব প্রকল্পে ভুয়া কিছু লোকের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করে সৈয়দ ফয়জুল আমীর, মো. সেলিম রেজা ও মো. ওসমান গণির যোগসাজশে পুরো ৪৩ লাখ টাকাই আত্মসাৎ করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. আলী আকবর বলেন, ব্যাপক অনুসন্ধান করে আত্মসাতের বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হয়ে মামলা দু’টি দায়ের করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
লোহাগড়া থানায় গ্রেফতার হওয়া ওসমান গণির কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: উপজেলা চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
Rating: 5
Reviewed By: Unknown