• Latest News

    আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি: মওদুদ আহমদ


    ডেস্ক রিপোর্ট :
    বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, মানুষ এখন বর্তমান সরকারের পরিবর্তন চায়। সেজন্য বিএনপি নির্বাচনে অংশ নেবে। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণ এই পরিবর্তন আনবে। আগামী নির্বাচন একদলীয়ভাবে করতে দেয়া হবে না, দেশে একদলীয় নির্বাচন আর হবে না।
    তিনি বলেন, আমরা নির্বাচন করবো এবং আন্দোলন করবো। আন্দোলন করবো এজন্য যে, যদি সরকার সমঝোতায় না আসেন, তাহলে এমন একটি সরকার নির্বাচনকালীন সময়ে থাকতে হবে যাদের রাজনৈতিক স্বার্থ থাকবে না। যাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে নিজের ভোট যাকে খুশি তাকে দিতে পারে। আর নির্বাচন করতে হবে এ জন্য যে সাড়ে তিন বছর অনির্বাচিত এই সরকার জবাবদিহিতা ছাড়া শাসন করছেন। বাংলাদেশের মানুষ এখন এই সরকারকে আর চায় না। আগামী নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ এই সরকারের পরিবর্তন আনবে। আমরা ভিশন ২০৩০ বাস্তবায়ন করার সুযোগ পাবো। জনগণ সেই সুযোগের অপেক্ষায় আছে।
    গতকাল জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ উপলক্ষে এই আলোচনা সভা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জসীম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, পানিবিশেষজ্ঞ এস আই খান, কলামনিস্ট কাজী সিরাজ, প্রয়াত রাজনীতিক মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে রিটা রহমান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, ভাসানী অনুসারি পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুল প্রমুখ ।
    মওদুদ বলেন, অনেকে জানতে চান- বিএনপি ক্ষমতায় গেলে কি করবে? বিএনপি কী আওয়ামী লীগের মতো ব্যবহার করবে? আমি বলতে চাই, বিএনপি অবশ্যই আওয়ামী লীগের মতো ব্যবহার করবে না। কারণ তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। আমরা একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাসই করি না। এই রূপকল্প বাস্তবায়ন করা হবে।
    মওদুদ আহমদ বলেন, বর্তমান সরকারের কোনো জবাবদিহিতা নেই। এ কারণে দুর্নীতি ও সামাজিক অপরাধ সীমা ছাড়িয়েছে। বিরোধী দলকে জনসভা করতে দেওয়া হয় না। নেতা-কর্মীরা রাতে বাড়ি থাকতে পারেন না। সবার নামে মামলা। জেল-জুলুম করে সরকার ক্ষমতায় থাকতে পারবে না।
    খালেদা জিয়া ঘোষিত রূপকল্প ২০৩০-সম্পর্কে মওদুদ আহমদ বলেন, এটা একটি মাইলফলক, একটি সনদ। এর মাধ্যমে দেশের মানুষের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা চুক্তি সম্পাদিত হয়েছে। আমরা এটাতে কমিটেড। আজকে সে জন্য অনেকে হিংসা করছে, ঈর্ষান্বিত হচ্ছে। প্রথম আওয়ামী লীগ এটা পড়ার আগেই বলল, এটা অন্তঃসার শূণ্য। এখন বলছেন, না এগুলোর মধ্যে অনেক কিছু আছে যা আমরা নিজেরাই অনেক আগের থেকে করছি। আমাদেরটা অনুসরণ করে বিএনপি এগুলো করেছেন। অর্থাৎ ক্ষমতাসীন দল নার্ভাস হয়েছে।
    মওদুদ আহমদ বলেন, প্রধানমন্ত্রী ভারত গেছেন, ভালো আপ্যায়ন পেয়েছেন। ভারত যা চেয়েছে, সবই দিয়েছেন। কিন্তু কিছু নিয়ে আসতে পারেননি। তিস্তা চুক্তি করতে ব্যর্থ হয়েছে।
    তিনি বলেন, ঢাকায় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষিত হলো, প্রথমে তো মামলাই নিতে চায়নি। তারপরে তো ২-৩ দিন পরে নিয়েছে যখন মিডিয়া এটা প্রকাশ করেছে। মিডিয়ার ভূমিকার কারণে আজকে সরকারকে সজাগ হতে হয়েছে এবং ব্যবস্থা নিতে হয়েছে। ইত্তেফাক

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি: মওদুদ আহমদ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান