• Latest News

    বাঁশখালীতে ভোটকেন্দ্রে গুলাগুলি, শিশুসহ আহত-৩


    বার্তা পরিবেশক :
    বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ভোটগ্রহণের মধ্যে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ তিনজন আহত হয়েছেন।
    মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে সংঘাতের পর দক্ষিণ বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে প্রায় আধাঘণ্টা পর পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়েছে।
    কাথারিয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইবনে আমিন এবং একই দলের বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদিনের মধ্যে এই সংঘাতের ঘটনা ঘটেছে।
    চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.মুনীর হোসাইন খান বাংলানিউজকে বলেন, হঠাৎ করে সংঘর্ষ হয়েছিল। এতে আধাঘন্টার মতো ভোটগ্রহণ বন্ধ ছিল। এরপর পরিস্থিতি আবার স্বাভাবিক হয়।
    দক্ষিণ বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গুলি বিনিময়ে আহতরা হলেন, এরশাদ, খোরশেদ এবং ১০ বছর বয়সী মেয়ে শামীমা।
    স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রের বাইরে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়ার পর একজন প্রার্থীর সমর্থকের বাড়িতে গিয়ে গুলি চালায় প্রতিপক্ষের সমর্থক সন্ত্রাসীরা। পরে ওই প্রার্থী সমর্থকরাও পাল্টা গুলি চালায়।
    চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুহাম্মদ রেজাউল মাসুদ বাংলানিউজকে বলেন, সংঘর্ষে তিনজন আহত হয়েছে। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। ঘটনার পর দক্ষিণ বাগমারা কেন্দ্রের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
    আহত তিনজনকে বাঁশখালী থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
    এদিকে একই ইউনিয়নের একই ওয়ার্ডে কাথারিয়া মাদ্রাসা কেন্দ্রেও দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
    উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে অন্যগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট হওয়ার খবর পাওয়া গেছে।
    ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ ধাপে গত বছরের ৪ জুন বাঁশখালীর ১৪ ইউপিতে ভোট হওয়ার কথা থাকলেও নির্বাচনের আগে স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান নির্বাচনী কর্মকর্তাকে মারধর করলে ভোট স্থগিত করা হয়। এরপর আরও কয়েক দফা উদ্যোগ নিয়েও শেষ পর্যন্ত বাঁশখালীতে নির্বাচন হয়নি।
    বাংলা নিউজ

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বাঁশখালীতে ভোটকেন্দ্রে গুলাগুলি, শিশুসহ আহত-৩ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান