• Latest News

    মেয়র ঘোষনা সরওয়ারের : মানতে নারাজ মাহাবুব





    দৈনিক কক্সবাজার::
    বুধবার বিকাল ৩টা। দলবল নিয়ে কক্সবাজার পৌরসভায় প্রবেশ করলেন বৃহিষ্কৃত মেয়র সরওয়ার কামাল। এসময় সরওয়ার কামাল নিজেকে মেয়র হিসেবে ঘোষনা করেন। তারপর তার দলবল পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের মেয়রের অফিস খুলতে বাধ্য করে। পরে তিনি মেয়রের চেয়ারে আসীন হয়। কিন্তু ভারপ্রাপ্ত মেয়র মাহবুব তাকে ক্ষমতা হস্তান্তর না করায় বেশীক্ষণ সেই চেয়ারে বসতে পারেননি তিনি।
    এ বিষয়ে সরওয়ার কামাল বলেন, হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে তিনি এখন থেকে মেয়র। তাই তিনি পৌরসভায় মেয়র হিসেবে বসতে এসেছেন। এখন মাহবুব যদি তাকে সহযোগীতা না করেন তবে তা অগনতান্ত্রিক হবে।
    ২৪ এপ্রিল হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমদের নেতৃত্বে গঠিত বেঞ্চ মেয়র সরওয়ার কামালের দায়িত্ব পালনে আর কোন বাধা নেই বলে আদেশ দেন। সংবিধানের ৭ ও ১১ ধারার আলোকে দায়ের করা রীট পিটিশন (নং ৫৫৯৭/১৭) শুনানী শেষে আদালত এ আদেশ দেন। জনস্বার্থে রীট পিটিশনটি দায়ের করেন পৌরসভার উত্তর তারাবনিয়ারছড়া এলাকার মৃত আহমদ হোসাইনের ছেলে আবুল কাশেম।
    তবে উচ্চ আদালতের সেই রায় সম্পর্কে জানেন না স্থানীয় সরকার মন্ত্রনালয় ও কক্সবাজার জেলা প্রশাসন।
    এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, উচ্চ আদালত কিংবা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসন কোন নির্দেশনা পাননি। তাই নির্দেশনা না পাওয়া পর্যন্ত মাহবুবই ভারপ্রাপ্ত মেয়র ।
    একই কথা বলেছেন কক্সবাজার আইনজীবি সমিতি'র সিনিয়র নেতারা। তাদের মতে, উচ্চ আদালতের দেওয়া আদেশ সংশ্লিষ্ঠ বিভাগ হয়েই আসতে হবে। এরপরই তা কার্যকর করার সুযোগ রয়েছে।
    জানা যায়, ২০১৫ সালের ২৪ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ খলিলুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (যার স্মারক নং-স্থানীয় সরকার, পল্লী উন্নয় ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, পৌর-১ শাখা-৪৬.০০.০০০.০৬৩.২৭.০১৫.১৫-২১৮৮/১(৮) প্রজ্ঞাপনের মাধ্যমে মেয়র সরওয়ার কামালকে সাময়িক বহিস্কার করা হয়। এরপর থেকে পৌর কাউন্সিলর মাহবুবুর রহমান ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করে আসছেন।
    এদিকে গতকাল ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান সরওয়ার কামাল ভাড়াটিয়া গুন্ডা বাহিনী নিয়ে পৌরসভার মেয়রের চেয়ার দখলের অপচেষ্টা করেছে বলে অভিযোগ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সচিবকে পত্র লিখেছেন। কক্স: পৌর:/২০১৭/২২৯ নং স্মারকে লিখিত পত্রে তিনি অভিযোগ করেছেন, বরখাস্তকৃত মেয়র সরওয়ার কামাল মহামান্য হাইকোর্টের রায়ের অজুহাত দিয়ে ভাড়াটিয়া গুন্ডা বাহিনী ও দলবল নিয়ে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীর উপর চাপ সৃষ্টি করে অবৈধভাবে দায়িত্ব গ্রহণের অপচেষ্টা করে সফলকাম হননি এবং দায়িত্বভার হস্তান্তর হয়নি এবং সূত্রে উল্লেখিত স্মারকটি এই মর্মে বাতিল করা হলো। এমতাবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
    এদিকে সরওয়ার কামাল তথ্য গোপন করে আদালত থেকে এমন আদেশ এনেছেন বলেও দাবী করেছেন ভারপ্রাপ্ত মেয়র মাহবুব।
    তিনি বলেন, চলতি বছরের ২৬ জানুয়ারি আপীল বিভাগ সরওয়ারের দায়ের করা রীট নিস্পত্তি করেছেন। এসময় তথ্য গোপন করার দায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।
    তিনি আরো বলেন, সরওয়ারের দায়ের করা একটি মামলা সুপ্রীম কোর্টেও আপীল ডিডিশনে রয়েছে। যার শুনানী হবে ২৫ মে। এই মামলার কথা গোপন করে তিনি হাইকোর্ট থেকে আদেশ এনেছেন বলে মাহবুব দাবী করছেন। তবে এ ব্যাপারে মন্ত্রনালয় কিছুই জানে না।
    তিনি আরো বলেন, কক্সবাজার পৌরসভা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্ত। উচ্চ আদালত আদেশ দিলে মন্ত্রণালয়কে দিবে। মন্ত্রণালয়ের আদেশ পেলেই সরওয়ারকে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হবে। এব্যতিত ক্ষমতা হস্তান্তরের অন্য কোন উপায় নেই।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মেয়র ঘোষনা সরওয়ারের : মানতে নারাজ মাহাবুব Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান