হাফেজ মোঃ কাশেম::
কক্সবার্তা ডট কম।।
টেকনাফের দমদমিয়া কেয়ারী ঘাট এলাকা থেকে ৯ হাজার ৯৯৩ পিস ইয়াবাসহ মিয়ানমার নাগরিক এক রোহিঙ্গা ইয়াবা পাচারকারীকে আটক করেছে বিজিবি।
নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধ ও অবৈধভাবে মিয়ানমার হতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ধৃত আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করতঃ ধৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
ইয়াবাসহ আটক পাচারকারী হচ্ছেন মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানাধীন রইঙ্গাদং গ্রামের বাসিন্দা মৃত ইব্রাহীমের পুত্র নুরুল ইসলাম (১৯)। উদ্ধারকৃত ইয়াবা বড়ির মুল্য ২৯ লক্ষ ৯৭ হাজার ৯০০ টাকা।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি'র ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক মেজর আবু রাসেল সিদ্দিকী ২২ মার্চ দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে জানান 'বিশ্বস্থ গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ইয়াবার একটি চালান মায়ানমার হতে টেকনাফ এর হ্নীলা ইউপিস্থ দমদমিয়া কেয়ারীঘাট বরাবর নাফ নদীর কিনারা দিয়ে বাংলাদেশ প্রবেশ করবে।
উক্ত সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির ল্যান্স নায়েক মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ২১ মার্চ সন্ধ্যা ৭টায় দ্রুত বর্ণিত স্থানে গমন করে ওঁৎ পেতে থাকে। এসময় একজন ব্যক্তি একটি ব্যাগ নিয়ে টহল দলের সম্মুখে আসলে তাকে চ্যালেঞ্জ করে। পরবর্তীতে টহল দল ধৃত ব্যক্তির শরীর পুংখানুপুংখভাবে তল্লাশী করে তার হাতে রক্ষিত ব্যাগের ভিতর অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ২৯ লক্ষ ৯৭ হাজার ৯০০ টাকা মূল্যমানের ৯ হাজার ৯৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
ধৃত আসামী হচ্ছে নূর ইসলাম (১৯), পিতা- মৃত ইব্রাহিম, গ্রাম- রহিঙ্গাদং, ডাকঘর ও থানা- মংডু, জেলা- আকিয়াব, মিয়ানমার।
নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধ ও অবৈধভাবে মিয়ানমার হতে বাংলাদেশে অনুপ্রবেশ এর দায়ে ধৃত আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করতঃ ধৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে'।
