• Latest News

    এনজিও’র কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে কৃষকের আত্মহত্যা!


    কক্সবার্তা ডেস্ক :
    এনজিও’র ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে যশোরের শার্শা উপজেলার পোড়াবাড়ি গ্রামে শাজাহান (৪০) নামে এক কৃষক কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
    শাজাহান শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা এলাকার পোড়াবাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে।স্ত্রী মুসলিমার নামে ৫-৬টি এনজিওর কাছ থেকে প্রায় দুই লাখ টাকা ঋণ নিয়েছিলেন তিনি।
    নিহতের স্বজনদের অভিযোগ, ঋণের টাকা আদায়ে এনজিও কর্মীরা নিয়মিত শাজাহানের বাড়িতে এসে বকাঝকা এমনকি গালিগালাজও করতেন। অপমান সহ্য করতে না পেরে তিনি কীটনাশক পান করে আত্মহত্যা করেন।
    নিহতের ভাই আলাউদ্দিন জানান, শাজাহান পেশায় কৃষক। তিনি জাগরণী চক্র ফাউন্ডেশন নামে একটি এনজিও থেকে ৩০ হাজার টাকা, আশা থেকে ৪৫ হাজার, ব্র্যাক থেকে ৩০ হাজার, ঠেঙ্গামারা সবুজ সংঘ (টিএমএসএস) থেকে ৫০ হাজার টাকা ছাড়াও আরও দুই-তিনটি এনজিও থেকে টাকা ঋণ নিয়েছিলেন। এসব ঋণ ও সুদের টাকা আদায়ে সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিনই এনজিও কর্মীরা তার বাড়িতে আসতেন। কিন্তু শাজাহান প্রায়ই কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হতেন। তখন এনজিও কর্মীরা তাকে বকাঝকা, অপমান করতেন।
    শাজাহানের স্ত্রী মুসলিমা বেগম সাংবাদিকদের জানান, গত ২০ ফেব্রুয়ারি ব্র্যাকের কর্মীরা কিস্তি আদায় করতে তাদের বাড়িতে এসেছিলেন। কিন্তু শাজাহান টাকা দিতে ব্যর্থ হন। এ সময় ব্র্যাকের কর্মীরা খুবই দুর্ব্যবহার করেন। তারা হুমকি দিয়ে যান, বুধবার এসে কিস্তির টাকা আদায় করেই ছাড়বেন।
    মুসলিমা জানান, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাজাহান পাশের বাজার থেকে এক বোতল বিষ কিনে আনে। রাত ৯টার দিকে সে নিজঘরে বিষ পান করে। রাত ১০টার দিকে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতিতে ওই রাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টার দিকে শাজাহানের মৃত্যু হয়।
    যশোর জেনারেল হাসপাতালের ইন্টার্ন ডাক্তার প্রিয়াঙ্কা দাশ বিষপানে শাজাহানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।
    বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, পোড়াবাড়ি গ্রামে এক ব্যক্তি কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন বলে তিনি শুনেছেন। কিন্তু কী কারণে তিনি কীটনাশক পান করেছেন, তা পুলিশ জানতে পারেনি।
    জাগরণী চক্র ফাউন্ডেশনের পাবলিক রিলেশন অফিসার হাসিব নেওয়াজ বলেন,‘ওই পরিবারটি আদৌ জাগরণীর কাছ থেকে ঋণ নিয়েছিল কিনা তা খোঁজ নিয়ে দেখতে হবে।’
    ব্র্যাকের ঝিকরগাছা এরিয়া ম্যানেজার শেখ মোহাম্মদ ইব্রাহিম হোসেন জানান, তার সংস্থা থেকে শাজাহান ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন।
    তিনি বলেন,‘শাজাহান তার স্ত্রীর নামে গত মাসে ঋণ নেন। কিন্তু আজ পর্যন্ত একটা কিস্তিও পরিশোধ করেননি। আগামী ২৬ ফেব্রুয়ারি তার কিস্তির টাকা পরিশোধের নির্ধারিত দিন ছিল।’
    ব্র্যাক যশোর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার শেখ আসাফুর রহমান দাবি করেন, তাদের মাঠকর্মীরা ঋণের কিস্তি আদায়ে কারও সঙ্গে দুর্ব্যবহার করেন না। tb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: এনজিও’র কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে কৃষকের আত্মহত্যা! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান