• Latest News

    ছাত্রলীগের সেই দুই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ

    দেশ বার্তা::
    রাজধানীর গুলিস্তানে ফুটপাত থেকে হকার উচ্ছেদকালে অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ার মামলায় দুই ছাত্রলীগ নেতার জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

    বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সরফুজ্জামান আনসারীর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    ছাত্রলীগের এই দুই নেতা হলেন- ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান।

    গত ৪ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড শুনানির কথা ছিল। তবে শুনানির নির্দিষ্ট দিনে তারা আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিজ্ঞ বিচারক। এর আগে গত ১৭ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালত থেকে জামিন নেন দুই নেতা।

    উল্লেখ্য, গত ২৭ অক্টোবর গুলিস্তান পাতাল মার্কেট এলাকার ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে সিটি কর্পোরেশনের কর্মচারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। এ সময় ছাত্রলীগের বহিষ্কৃত এই দুই নেতা অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন।

    এ ঘটনায় শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বাদী হয়ে একটি হত্যাচেষ্টার মামলা করেন। মামলায় ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমানসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ছাত্রলীগের সেই দুই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান