কক্সবার্তা ডেস্ক :
২৫ দিন পেরিয়ে গেলেও কক্সবাজারের পেকুয়ায় অপহৃত ছাত্রী উদ্ধার হয়নি। সে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
তবে পুলিশ বলছে, অপহরণকারীকে ধরতে সম্ভাব্য কয়েকটি জায়গায় অভিযান চালানো হয়েছে। এখন প্রযুক্তির সাহায্য নেওয়া হবে।
পুলিশ ও ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, গত ২৭ ডিসেম্বর সকাল নয়টার দিকে ছাত্রীটি বার্ষিক পরীক্ষার ফলাফল দেখতে বিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পথে তিন-চারজন দুর্বৃত্ত তাকে অপহরণ করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ৩০ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাকের উল্লাহর নাম উল্লেখ করে তিন-চারজনকে অজ্ঞাত আসামি করে পেকুয়া থানায় একটি মামলা করেন।
মামলার বাদী জানান, তাঁর মেয়েকে শাকের উল্লাহ দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। এক বছর আগেও তাঁকে শীলখালী এলাকা থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে বখাটেকে ধরে পিটুনি দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে সোপর্দ করে। শাকের চেয়ারম্যানের কাছে লিখিত মুচলেকা দিয়ে ছাড়া পায়। এরপরও অনেকবার তাঁর মেয়েকে উত্ত্যক্ত করেছে শাকের। পরে অতিষ্ঠ হয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও লিখিত অভিযোগ দিয়েছিলেন তিনি।
শীলখালী ইউপি চেয়ারম্যান নুরুল হোসাইন বলেন, ‘ওই ছাত্রীকে আর কোনো দিন উত্ত্যক্ত করবে না বলে মুচলেকা দিয়েছিল ছেলেটি। এরপর কী হয়েছে আমি জানি না।’
শাকের উল্লাহর বাবা বলেন, ‘ছেলের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। তবে মেয়েটিও ছোট আমার ছেলেরও বয়স কম। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকতে পারে।’
ছাত্রীর বাবা বলেন, ‘প্রতিশোধ নিতে বখাটে শাকের আমার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। অপহরণের পর তিনটি মুঠোফোন নম্বর থেকে চাঁদা দাবি করা হয়েছে। নম্বরগুলো পুলিশকে সরবরাহ করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।’ বিষয়টি নিয়ে পুলিশ অবহেলা করছে বলেও অভিযোগ আনেন তিনি।
জানতে চাইলে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, ‘ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে ধরতে অনেক জায়গায় অভিযান চালানো হয়েছে। চেষ্টা চলছে অপহৃত ছাত্রীকে উদ্ধার করার। এখানে পুলিশের কোনো প্রকার গাফিলতি বা অবহেলা নেই।’
প্রথম আলো//ফাইল ছবি//
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: পেকুয়ায় অপহৃত স্কুলছাত্রী ২৫দিনেও উদ্ধার হয়নি
Rating: 5
Reviewed By: Unknown