• Latest News

    রামুতে ৭দিন ব্যাপী শুরু হলো বিজয় মেলা

    সংবাদ বিজ্ঞপ্তি :
    কক্সবাজারের রামুতে বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন হলো সাত দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে রামু খিজারী স্টেডিয়ামে ‘‘মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙালীর পরাধীনতার প্রতিশোধ’’ শ্লোগানে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বৃহত্তম এ বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয় মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা। এসময় তিনি বলেন, ডিসেম্বর বাঙালির অহংকার ও বিজয়ের মাস। এ মাসেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তিলাভ করেছিল।
    এতে সভাপতির বক্তব্যে রামু মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, বিজয় একদিনে অর্জিত হয়নি। ৫২ এর মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে একাত্তরে রক্তক্ষয়ীযুদ্ধে কাঙ্খিত বিজয় অর্জিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে।
    রামু মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের মহাসচিব উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, বাঙালি হিসেবে আমরা গর্বিত। মাতৃভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি। এ অর্জন আমাদেরকে ধরে রাখতে হবে।
    রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া ও স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট সুলতানুল আলম, মহিলা সম্পাদিকা মুসরাত জাহান মুন্নি, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, জেলা পরিষদের নির্বাচিত সদস্য চেয়ারম্যান শামসুল আলম, নুরুল হক কোম্পানি, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরাল হেলাল, সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী।
    এতে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করা হয়। সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের মধ্যে রামু উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক চেয়ারম্যান, ডেপুটি কমান্ডার রনধির বড়–য়া, সিরাজুল হক রেজা, মাস্টার ফরিদ আহমদ, মমতাজুল হক, আবুল কালাম আযাদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
    এতে রামু স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট মোজাফ্ফর আহমদ হেলালী, শ্রমিকলীগ সভাপতি নুরুল কবির হেলাল, অগ্রাযাত্রার চেয়ারম্যান নীলিমা আকতার চৌধুরী, মৎসজীবিলীগের সহ সভাপতি আনছারুল হক ভুট্টো, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, সোহরাব কামাল জাবেদ।
    আলোচনার শুরুতেই পবিত্র কুরআন তেলোয়াত করেন ওলামালীগের সভাপতি মাওলানা নুরুল আজিম, পবিত্র গীতা পাঠ করেন রামু কালি মন্দিরের পুরোহিত স্বজল ব্রাহ্মণ চৌধুরী, পবিত্র ত্রিপিটক পাঠ করেন নাইক্ষ্যংছড়ি হাজী এমএ কালাম ডিগ্রী কলেজের অধ্যাপক নিলোৎপল বড়–য়া।
    এর আগে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের বিরল সম্মাননা ও শান্তির পায়রা উড়িয়ে সাত দিনব্যাপী এ আয়োজনের শুভ উদ্বোধন করা হয়। এ সময় রামুর সাংস্কৃতিককর্মীরা বিজয় মঞ্চে গণসংগীত পরিবেশন করেন। এছাড়া রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় ও রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউটদল বীর মুক্তিযোদ্ধা ও অতিথিদের প্রতি সালাম প্রদর্শন করে।
    এদিকে, মেলায় বিভিন্ন পণ্যের শতাধিক স্টল স্থান পেয়েছে। প্রতিদিন বিজয় মঞ্চে আবৃত্তি, গান, নাটক ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করা হবে। sbc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: রামুতে ৭দিন ব্যাপী শুরু হলো বিজয় মেলা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান