• Latest News

    ‘ওসি বললেন, তোকে আরো বড় মামলায় আটকাব’


    ডেস্ক রিপোর্ট :
    ১৯৯৯ সালের কথা। শ্যামপুর পার্কে শসা বিক্রি করছিলেন চান মিয়া। এ সময় পুলিশ এসে ধরে নিয়ে যায়। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানালেন, একটি খুনের মামলায় সাক্ষী হতে হবে। রাজি না হওয়ায় রিমান্ডে, পরে জবানবন্দি আদায়। ১৮ বছর ধরে কারাগারে আছেন তিনি। তাঁর বন্দি নম্বর ২৮৩৪।
    দীর্ঘ ১৮ বছর বিনা বিচারে আটক ছিলেন চান মিয়া। চান মিয়াসহ এ ধরনের ভাগ্যবরণকারী চার আসামিকে আজ রোববার আদালতে হাজির করা হয়। পরে তিনজনকে জামিন দেন হাইকোর্ট।
    তবে মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি থাকায় হাইকোর্ট চান মিয়াকে জামিন দেননি। তবে ওই মামলা ৬০ কার্যদিবসের মধ্যে নিম্ন আদালতকে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন। আদালত বলেছেন, চান মিয়া যেহেতু দীর্ঘদিন ধরে কারাগারে আছেন, সাজা হলেও তিনি খালাস পেয়ে যাবেন।
    আদালতেই কথা হয় চান মিয়ার সঙ্গে। এখনো মনে আছে তাঁর সেই ১৯৯৯ সালের কথা। শ্যামপুর থানার তৎকালীন ওসি শংকর বাবু হুমকি দিয়েছিলেন, ‘তোকে আরো বড় মামলায় আটকাব।’
    চান মিয়া এনটিভি অনলাইনকে জানান, রাজধানীর শ্যামপুরের একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। ১৯৯৯ সালে তাঁকে শ্যামপুর পার্ক থেকে ধরে নিয়ে যায় পুলিশ। মৌসুমি ফল বিক্রি করতেন। ঘটনার দিন শ্যামপুর পার্কে তিনি শসা বিক্রি করছেন। ওই সময় পুলিশ তাঁকে ধরে নিয়ে যায়। এরপর ওই সময় শ্যামপুর থানার তৎকালীন ওসি শংকর বাবু চান মিয়াকে পাঁচজনের নাম দেখিয়ে বলেন, একটি হত্যা মামলায় এদের নাম বলতে হবে। নইলে তাঁকে আরো অনেক বড় বড় মামলায় ফাঁসানো হবে। বলতে অস্বীকার করলে ওসি শংকর তাঁর বুকের বাম পাশে লাথি মারেন। পরে হাত-পা বেঁধে মারধর শুরু করেন। এরপর একটি কাগজে তাঁর সই নিয়ে যান। থানায় আটকের চারদিন পর চান মিয়াকে আদালতে হাজির করা হয়। এরপর রিমান্ডে এনে তাঁকে ওই হত্যা মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দিতে বাধ্য করা হয়। এর পর থেকে তিনি কাশিমপুর কারাগারে আটক।
    চান মিয়ার গ্রামের বাড়ি বরিশালে। কিন্তু দীর্ঘদিন আটক থাকলেও পরিবারের কেউ খোঁজখবর নেয়নি। শ্যামপুর এলাকায় কেউ আছে কি না তাও জানেন না তিনি। তিনি বলেন, ‘ভাই, বের হয়ে কী করব জানি না। পরিবারে চার ভাই ও দুই বোন ছিলাম। আটকের পর কেউ খোঁজ নেয়নি। কারাগারে টাকা ছাড়া চিকিৎসা দেয় না। খাবার দেয় না। ঘুমাতে ও দেয় না। অনেক কষ্টে জীবন কাটিয়েছি। তাই বের হলেও আত্মীয়স্বজনের কাছে যেতে ইচ্ছে করবে না।’
    ঢাকার শ্যামপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর কারাগারে ১৯৯৯ সাল থেকে বিনা বিচারে বন্দি চান মিয়া। এই দেড় যুগে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলার কোনো অগ্রগতিই হয়নি। মামলাটি বর্তমানে ঢাকা বিচারিক আদালতে বিচারাধীন।
    এনটিভি

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ‘ওসি বললেন, তোকে আরো বড় মামলায় আটকাব’ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান