• Latest News

    উখিয়া স্কুলছাত্রী ধর্ষণ সুত্রে হুমকিদাতার সাথে বন্ধুত্ব তদন্তকারী কর্মকর্তার


    কক্সবার্তা ডেস্ক :
    ডায়রিয়ায় আক্রান্ত মায়ের সাথে হাসপাতালে গিয়ে ধর্ষণের শিকার ষষ্ট শ্রেণীর ছাত্রী বিচার তো পাচ্ছেই না, উল্টো ধর্ষণকারী ও তাদের সহযোগীদের হুমকির মুখে পড়েছে সে ও তার পরিবার।
    মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে ধর্ষণকারীদের সহযোগী উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিথুনের সখ্যতা থাকায় ধর্ষিতা ও তার পরিবারকে হুমকি দিয়েও গ্রেপ্তার হচ্ছেন না! ধর্ষণ মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও উখিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর ও থানার ওসিকে হুমকিদাতাদের সরাসরি দেখিয়ে দেয়ার পরো তাদের গ্রেপ্তার কিংবা আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে না।
    কক্সবাজারের উখিয়া উপজেলার সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থী ৫ ডিসেম্বর রাতে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে ধর্ষণের শিকার হয়।
    ধর্ষিত মেয়েটি এক সংবাদ সম্মেলনে এইসব অভিযোগ তুলেছে। বুধবার বিকালে কক্সবাজার প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
    ধর্ষিতা লিখিত বক্তব্যে দাবি করেছে, ৪ ডিসেম্বর ডায়রিয়ায় আক্রান্ত মায়ের সাথে উখিয়া হাসপাতালে যায় সে। পরদিন ৫ ডিসেম্বর রাতে অসুস্থ মায়ের সিট থেকে উঠে বাথরুমে যাওয়ার পথে হাসপাতাল এলাকার কালু মিস্ত্রির ছেলে গিয়াস উদ্দিন, ঠান্ডা মিয়ার ছেলে আবদুস শুক্কুরসহ চার যুবক মুখ চেপে ধরে তাকে তুলে নিয়ে যায়।
    মেয়েটির দাবি, হাসপাতাল থেকে তুলে পাশের কবরস্থানে নিয়ে গিয়ে ছুরির ভয় দেখিয়ে তাকে শ্লীলতাহানি করা হয়। এক পর্যায়ে গিয়াস উদ্দিন তাকে ধর্ষণ করে। গিয়াস উদ্দিনের পর আরেকজন ধর্ষণের চেষ্টাকালে প্রতিবেশী লোকজন এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়।
    সে সাংবাদিকদের বলে, ‘ওই ঘটনার পর লোকলজ্জার ভয়ে আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম। কিন্তু জন্মদাতা পিতা-মাতার জন্য পারিনি। যতবার আত্মহত্যা করব ভেবেছি ততবার আমার অসহায় মা-বাবার চেহেরা ভেসে উঠেছে।’
    স্কুল ছাত্রী জানায়, ওই ঘটনার পর গিয়াস উদ্দিনকে আটক করা হলেও স্থানীয় লোকজন কোটবাজার স্টেশন থেকে মো. আইয়ুবকে আটক করে পুলিশে দেন। কিন্তু পুলিশের সাথে ধর্ষণকারীদের সহযোগীর সখ্যতা থাকায় তাকে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, ধর্ষণ মামলায় নয়!
    ধর্ষিতা নিজে ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন দাবি করে জানায়, ধর্ষণকারীদের সহযোগী ছাত্রলীগ নেতা মিথুন নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে। মুখ দিয়ে কোনো কথা বললে চিরতরে মুখ বন্ধ করে দেয়ারও হুমকি দেয়া হয়েছে।
    ধর্ষিতা মেয়েটি বলে, ‘ধর্ষণ ঘটনার পর হাসপাতালে উপস্থিত হয়ে একদল যুবক আমার মাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। আমাকে বেশ্যা বলেও গালি দিয়েছে। আমাকে নিয়ে ব্যবসা করার জন্য আমাকে হাসপাতালে এনেছে বলে অপবাদ দিয়ে আমার মাকে অপমান করেছে। ধর্ষকের সহযোগী মিথুন দলবল নিয়ে এসে এসব হুমকি দিয়েছে।’
    ধর্ষিতা এই স্কুল ছাত্রী আরো বলে, ‘আমরা জেনেছি, মিথুন সরকারী দলের বড় নেতা। তার সাথে ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মশিউরের সাথে গলায় গলায় বন্ধুত্ব। একদিকে ধর্ষকের অন্যতম সহযোগী মিথুন, অপরদিকে ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক!’
    তার মতে, ‘হুমকির ঘটনা আমরা উখিয়া থানার ওসিকে জানিয়েছি। ওসির সামনে হুমকিদাতা মিথুনকে সনাক্ত করেছে আমার মা। তারপরও মিথুন কোনো ধরণের শাস্তি পায়নি। এতে সে আরো বেপরোয়া হয়ে আমাদের হুমকি দিচ্ছে।’
    সে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলে, ‘আমি আপনাদের মেয়ে ও ছোট বোনের মতো। আপনারা সহযোগিতা করলে মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিয়ে অনিশ্চয়তা কেটে যাবে।’
    সুত্র: তাজা খবর ২৪.

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: উখিয়া স্কুলছাত্রী ধর্ষণ সুত্রে হুমকিদাতার সাথে বন্ধুত্ব তদন্তকারী কর্মকর্তার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান