• Latest News

    ইয়াবা উদ্ধারের নামে সাংবাদিককে হয়রানি, দুই কনস্টেবল প্রত্যাহার


    কক্সবার্তা ডেস্ক : নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ইয়াবা উদ্ধারের জন্য তল্লাশির নামে এক সাংবাদিককে হয়রানি করেছে পুলিশ।
    মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সকালে এ ঘটনার পর চান্দগাঁও থানার মোহরা পুলিশ বক্সে দায়িত্বরত কনস্টেবল নাজমুল হাসান ও তন্ময়কে প্রত্যাহার করেছে সিএমপি। তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
    ঘটনার শিকার সাংবাদিক মোস্তফা ইউসুফ বাংলানিউজকে জানান, সকাল ১১টার দিকে নিজ বাড়ি রাঙ্গুনিয়া থেকে বাসযোগে নগরীতে ফিরছিলেন তিনি। বাস কাপ্তাই রাস্তার মাথা এলাকায় পৌঁছানোর পর মোহরা পুলিশ ফাঁড়ির একটি দল গাড়িতে তল্লাশি করতে উঠে।
    এসময় মোস্তফাসহ কয়েকজনকে তল্লাশি করে পুলিশ সদস্যরা। তবে কারও কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। তল্লাশি শেষ হওয়ার পর মোস্তফা ইউসুফকে আবারও তল্লাশি শুরু করে কনস্টেবল নাজমুল।
    মোস্তফা বলেন, পুলিশ সদস্যরা বাস থেকে নেমে যাওয়ার সময় আমি কি করি সেটা জানতে চান। আমি নিজেকে চাকরিজীবী হিসেবে পরিচয় দিই। এরপর নাজমুল ও তন্ময় আমার শার্ট ধরে টেনে গাড়ি থেকে নামিয়ে পুলিশ বক্সে নিয়ে যান। বক্সে নিয়ে যাওয়ার পর আমি একটি চেয়ারে বসলে কনস্টেবল নাজমুল ও তন্ময় আমাকে দাঁড় করিয়ে ভেতরে নিয়ে ইয়াবা উদ্ধারের জন্য এক্স-রে করানোর কথা বলেন।
    তবে এসময় সাংবাদিক পরিচয় দেওয়ার পর পুলিশ সদস্যরা মোস্তফাকে ‘ভুল বোঝাবুঝি’ হয়েছে বলে একটি সিএনজি অটোরিকশায় তুলে দিয়ে পাঠিয়ে দেয়ার চেষ্টা করেন।
    ‘প্রথমে বাসে উঠে তারা আমার শরীরে তল্লাশি করে। কিছু পায়নি। দ্বিতীয়বার তল্লাশি করে। তখনও তারা কিছুই পায়নি। এরপর আমাকে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আমি একটি চেয়ারে বসতে চাইলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এ এস আই সেন্টু। আমাকে রিটেইনিং ওয়ালের উপর বসানো হয়। তারপর এমনভাবে আমার শার্ট-প্যান্টের পকেটে হাতড়াতে শুরু করে তখন আমার মনে হচ্ছিল তারা ইয়াবা জাতীয় কিছু ঢুকিয়ে দিচ্ছিল। এসময় আমি দৌঁড়ে সরে যাই এবং নিজের সাংবাদিক পরিচয় তাদের দিই। এরপর তারা সবাই মিলে আমাকে স্যরি বলতে থাকেন। ’ বলেন মোস্তফা ইউসুফ।
    ইয়াবা উদ্ধারের নামে হয়রানির বিষয়টি নিয়ে নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দেন মোস্তফা ইউসুফ।
    নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, অভিযোগ পাওয়ার পর কনস্টেবল নাজমুল ও তন্ময়কে মোহরা পুলিশ বক্স থেকে প্রত্যাহার করে লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে চেকপোস্টে দায়িত্বরত কর্মকর্তাসহ সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
    সাংবাদিক মোস্তফা ইউসুফ বিডিনিউজটুয়েন্টিফোর.কমের চট্টগ্রাম ব্যুরোতে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ইয়াবা উদ্ধারের নামে সাংবাদিককে হয়রানি, দুই কনস্টেবল প্রত্যাহার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান