• Latest News

    ইসি গঠনে বিএনপির প্রস্তাব গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

    রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রবিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের ১১ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় রাষ্ট্রপতি একথা জানান।


    বঙ্গভবনের দরবার হলে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে রাষ্ট্রপতির আলোচনার পর রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, বৈঠকে রাষ্ট্রপতি বিএনপিকে বলেছেন, 'গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনায় প্রধান ভূমিকা পালন করে থাকে।'

    প্রেস সচিব আরও বলেন, 'রাষ্ট্রপতি বিএনপি প্রতিনিধিদলকে বলেন যে, আজকের আলোচনা এবং আপনাদের সুচিন্তিত মতামত শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।'

    প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারি মাসে কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন। তারই অংশ হিসেবে রবিবার (১৮ ডিসেম্বর) বিএনপির সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়।

    বৈঠকে রাষ্ট্রপতি বলেন, 'আলাপ-আলোচনায় মাধ্যমে যেকোনও ইস্যু সমাধানের বহু পথ খুঁজে পাওয়া যায়। আমার বিশ্বাস, আপনাদের (বিএনপি) প্রস্তাবসমূহ পরবর্তী নির্বাচন কমিশন গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।' এক ঘণ্টা স্থায়ী এ বৈঠকে রাষ্ট্রপতি একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে বিএনপিসহ সব রাজনৈতিক দলের সহযোগিতাও কামনা করেন।

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটি সার্চ কমিটি ও নতুন নির্বাচন কমিশন গঠনে তার দলের প্রস্তাবসমূহ তুলে ধরেন। তিনি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন এবং গণপ্রতিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের জন্য তার দলের প্রস্তাবও তুলে ধরেন।

    বেগম জিয়া আলোচনার জন্য বিএনপিকে আহ্বান করায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান এবং নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্যোগে রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন। তিনি জানান, তার দল নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে সর্বাত্মক সহযোগিতা করবে।

    বিএনপি'র প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।

    রাষ্ট্রপতি আগামী ২০ ডিসেম্বর জাতীয় পার্টির সঙ্গে, ২১ ডিসেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও কৃষক-শ্রমিক-জনতা লীগের সঙ্গে এবং ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সঙ্গে বৈঠক করবেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ইসি গঠনে বিএনপির প্রস্তাব গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান