• Latest News

    এবার কলেজছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ১

    ডেস্ক রিপোর্ট :
    আশুলিয়ায় শিক্ষিকাকে ধর্ষণ করে ভিডিও ধারণ ঘটনার মাত্র একদিনের মাথায় এবার সাভারে এক কলেজছাত্রীকে অপহরণ করে ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে শনিবার সকালে জব্বার মিয়া (৪৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
    সাভারের ভার্কতা এলাকা থেকে বৃহস্পতিবার ওই ছাত্রীকে অপহরণ করা হয়। শুক্রবার গভীর রাতে রাজধানীর মিরপুর থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় যে মোবাইলটিতে ভিডিও ধারণ করা হয়েছে সেটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
    এদিকে এ ঘটনায় কারও নাম প্রকাশ করলে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নিগৃহীতার পরিবার থেকে বখাটেরা অর্থ আদায় করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
    ধর্ষিতার পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীর বাবা-মা কাজে গেলে তাদের বাড়িতে স্কুল শিক্ষক পরিচয় দিয়ে কৌশলে প্রবেশ করে বখাটে মোক্তার হোসেন, সোহেল রায়, জব্বার মিয়া ও তাদের দুই সহযোগী। পরে ওই কলেজছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে তার উপর পাশবিক নির্যাতন চালানো হয়। এসময় এই নির্যাতনের ভিডিওচিত্র ধারণ করে অপর বখাটেরা। বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলা ও ভিডিওচিত্র ইন্টরনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয় তারা। পরে ওই শিক্ষার্থী কলেজে গেলে ফেরার পথে তাকে ফের অপহরণ করে নিয়ে যায় ওই বখাটেরা। এ ঘটনায় কলেজ শিক্ষার্থীর বাবা পবন চন্দ্র মন্ডল বাদী হয়ে বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। একদিন পর শুক্রবার গভীর রাতে রাজধানীর মিরপুর থেকে পুলিশ ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ। শনিবার ভোররাতের দিকে ভার্কতা এলাকায় অভিযান চালিয়ে বখাটে জব্বার মিয়াকে গ্রেফতার করে। তবে এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার ও ভিডিও ধারণ করা মোবাইল ফোনটি উদ্ধার করতে পারেনি পুলিশ।
    এ ব্যাপারে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, কলেজ শিক্ষাথীকে ধর্ষণের ঘটনায় তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জব্বার মিয়াকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতার ও মোবাইল ফোন উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। শনিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হবে ও ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।
    bp

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: এবার কলেজছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ১ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান