• Latest News

    চট্টগ্রামে সবজির চড়া দাম

    ডেস্ক রিপোর্ট : পৌষের বাকি দেড় মাস। এরই মধ্যে শীতের সবজি আসতে শুরু করেছে নগরীর কাঁচাবাজারগুলোতে। আগাম ফসল হিসেবে চাহিদা বেশি থাকায় চড়া দাম আদায় করছেন সবজি বিক্রেতারা। বাজার ভেদে দামের পার্থক্য অনেক।
    সূত্র জানায়, এ বছর চট্টগ্রামের সীতাকু-, দোহাজারী, বাঁশখালী, রাঙ্গুনিয়া উপজেলায় প্রচুর সবজির আবাদ হয়েছে। শীতের মৌসুম শুরু না হওয়ায় এসব সবজি এখনো পরিপক্ব হয়নি। তাই সবজি সংগ্রহ করছেন না কৃষক। কিন্তু বাজারে আগাম সবজির চাহিদা বেশি। এ জন্য দেশের উত্তরাঞ্চাল থেকে সবজি সংগ্রহ করে বাজারে সরবরাহ করছেন ব্যবসায়ীরা। চাহিদা মিটাতে পাইকারদের কাছ থেকে বেশি দামে সবজি কিনতে হচ্ছে বিক্রেতাদের। তাই ক্রেতাদের কাছ থেকে ইচ্ছামতো দাম আদায় করছেন তারা। সবজি একই হলেও বাজার ভেদে দামের পার্থক্য অনেক।
    চট্টগ্রামের কাজির দেউড়ি বাজারে কেজিপ্রতি ফুলকপি ১৩০ টাকা, বাঁধাকপি ৭০, মুলা ৭০ টাকা, নতুন আলু ৯০ টাকা, শিম ৮০ টাকা, টমেটো ৮০ টাকা, বেগুন ৬০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, পটোল ৬০ টাকা, দেশি আলু ৪০ টাকা, বরবটি ৬০ টাকা, কচুর ছড়া ৪০ টাকা বিক্রি হচ্ছে।
    কিন্তু নগরীর রিয়াজউদ্দিন বাজারে ফুলকপি ১১০, বাঁধাকপি ৭০, মুলা ৬০, নতুন আলু ৭৫, শিম ৭০, টমেটো ৭০, বেগুন ৬০, ঢেঁড়স ৬০, পটোল ৪৫, দেশি আলু ৪০, বরবটি ৫০ এবং কচুর ছড়া ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
    রিয়াজউদ্দিন বাজরের সবজি বিক্রেতা রাজীব দাশ বলেন, দেশের উত্তরাঞ্চলে শীতের সবজি উঠতে শুরু করেছে। সেখান থেকে আগাম ফসল সংগ্রহ করছেন পাইকারি ব্যবসায়ীরা। তাদের থেকে বেশি দামে কিনতে হচ্ছে আমাদের। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। চাহিদা বেশি থাকায় দাম ধরে রাখছেন পাইকারি ব্যবসায়ীরা।
    চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম বলেন, পরিবহন ব্যয় যতই হোক সবজির মূল্য এত বেশি হওয়ার কথা নয়। ভোক্তারা যে দামে পণ্য ক্রয় করে থাকেন, তার অর্ধেক দামও কৃষকরা পান না। সিন্ডিকেট করে সবজির দাম বাড়িয়ে দেন মধ্যস্বত্বভোগীরা। তাদের দৌরাত্ম্য কমাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। বিক্রেতাদের ক্রয়মূল্যের সঙ্গে বিক্রয়মূল্যের পার্থক্য যাচাই করা হচ্ছে। প্রতিদিন ৫ থেকে ৬ জন ব্যবসায়ীকে জরিমানা করা হচ্ছে।
    dc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চট্টগ্রামে সবজির চড়া দাম Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান