• Latest News

    আজহারের দিনে দারুন শুরু পাকিস্তানের


    স্পোর্টস বার্তা:
    এমনিতেই ম্যাচটা পাকিস্তানের জন্য বিশেষ। দুবাইতে যে ৪০০তম টেস্ট খেলতে নেমেছে তারা। উপলক্ষটা আরও স্মরণীয় হয়ে থাকবে দিবা-রাত্রির টেস্টের কারণে। এবারই প্রথম গোলাপী বলে পাঁচ দিনের ম্যাচ খেলতে নেমেছে পাকিস্তান। ‘বিশেষ’ এই টেস্টের শুরুটাও হয়েছে তাদের দারুণ। আজহার আলীর সেঞ্চুরিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে পাত্তাই দেয়নি প্রথম দিন। দিন শেষ করেছে তারা ৯০ ওভারে ১ উইকেটে ২৭৯ রানে।
    টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের দাপটে দিশেহারা ক্যারিবিয়ানরা। সাবলীল ব্যাটিংয়ে নিজের সঙ্গে দলের রান বাড়িয়ে নিয়েছেন দুই ওপেনার আজহার আলী ও সামি আসলাম। উদ্বোধনী জুটিতেই তারা যোগ করেন ২১৫ রান। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির আশা জাগিয়েও পারেননি আসলাম। ৯০ রানে বোল্ড হয়ে যান তিনি রোস্টন চেসের বলে। ২১২ বলের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ৯ চারে। সারা দিনে ওয়েস্ট ইন্ডিজ ওই একটা উইকেটই ফেলতে পেরেছে পাকিস্তানের। আসলামের আউটের পর আসাদ শফিককে নিয়ে দিনের বাকিটুকু শেষ করেছেন আজহার।
    বেশ কিছুদিন ধরে রান খরায় ভোগা আজহার ক্যারিবিয়াদের বিপক্ষে শেষ ওয়ানডে দিয়ে ফিরেছেন ছন্দে। ওয়ানডেতে সেঞ্চুরির পর টেস্টে নেমেও পেলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা। টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি পূরণ করে তিনি অপরাজিত আছেন ১৪৬ রানে। ২৬৮ বলের ইনিংসে চার মেরেছেন এই ওপেনার ১৪টি। তার সঙ্গে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন ৩৩ রানে অপরাজিত থাকা শফিক।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: আজহারের দিনে দারুন শুরু পাকিস্তানের Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান