• Latest News

    ভারতে নারীদের অজ্ঞান করে চুরি হচ্ছে চুল

    নিউজ ডেস্ক:
    ভারতের বেশ ক’টি রাজ্যে নারীদের অজ্ঞান করে তাদের চুল কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনায় এখন রীতিমতো আতঙ্কে রয়েছেন সেখানকার নারীরা। ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা ও রাজস্থান রাজ্যের অর্ধশতাধিক নারী অচেতন অবস্থায় তাদের চুল কেটে নেয়ার অভিযোগ করেছেন। পুলিশ এই রহস্যের কোনও কিনারা করতে পারছে না।
    চুল চুরির অভিজ্ঞতা নিয়ে ৫৩ বছর বয়সী সুনিতা দেবী নামে এক নারী বিবিসিকে বলেন, ‘হঠাৎই তীব্র আলোর ঝলকানি আমাকে অচেতন করে দেয়। এক ঘণ্টা পর জেগে দেখি আমার চুল কেটে নেয়া হয়েছে।’
    সাম্প্রতিক ওই হামলার ‘মানসিক আঘাত’ ভুলতে পারছেন না হরিয়ানার গুরগাও জেলার ভিমগড় খেরির এই গৃহবধু। না পারছেন ঘুমাতে, না পারছেন কোনও কিছুতে মনোযোগ দিতে। ব্যবসায়ী এবং কৃষক অধ্যুষিত এলাকায় আত্মীয় পরিজন নিয়ে থাকা সুনিতার অভিযোগ, চুল কেটে নেয়া বয়স্ক পুরুষ চোরের পরনে ছিল উজ্জল রংয়ের কাপড়।
    রাত সাড়ে ৯ টার দিকে নিচতলায় একা ছিলেন সুনিতা; ছেলের বউ আর নাতি ছিলেন দোতলায়। অথচ কেউই কিছু শুনতে পায়নি। সুনিতারা যে গলিতে থাকেন সেখানে আরও প্রায় ২০টি ঘর আছে। রাত ৯ টা থেকে ১০টা পর্যন্ত প্রত্যেকটি বাড়িতে লোক গমগম করে বলে জানান প্রতিবেশীরা। রাতের খাবারের পর সবাই কথা বলে বা বিশ্রাম করেন।
    সুনিতা দেবীর চুল খোয়ানোর পরের দিন, তার বাসার কয়েক গজ দূরে চুল হারান গৃহকর্মী আশা দেবী। তবে হামলাকারী পুরুষ নন, ছিলো নারী। আশার শ্বশুর জানান, হামলার পরদিনই পুত্রবধুসহ বাড়ির সব নারীকে উত্তর প্রদেশের আত্মীয় বাড়িতে রেখে আসেন তিনি।
    স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, চুল কেটে নিয়ে যাওয়া এই ‘ভুতুরে নাপিত’ প্রথম আবির্ভূত হয় রাজস্থানে, জুলাই মাসে। এরপর থেকে হরিয়ান এমনকি রাজধানী দিল্লিতেও এই ধরনের ঘটনার খোঁজ মেলে।
    এরই মধ্যে ‘চুল চোর’ নিয়ে নানান গল্প ডালপালা মেলেছে। কেউ বলছেন, সংঘবদ্ধ কোনও চক্র হামলার সঙ্গে জড়িত। কারও মতে, তান্ত্রিক বা ডাইনিরা বেছে বেছে নারীদের চুল কাটছেন। কারও বিশ্বাস, এসব ঘটনায় জড়িয়ে আছে ‘অতিপ্রাকৃত শক্তি’।
    নারীরা গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্য নিজেরাই নিজেদের চুল কাটছেন বলেও অনেকের ভাষ্য। যুক্তিবিদ সানাল এদামারুকুর মতে এটি হচ্ছে ‘গণ-হিস্টিরিয়া’র চমৎকার উদাহরণ।
    তবে যে যাই বলুক না কেন রাজস্থানের একের পর এক গ্রামের নারীরা চুল চুরি নিয়ে বেশ আতঙ্কেই আছেন। গুরগাও পুলিশের মুখপাত্র রবিন্দ্র কুমার জানান, তারা এসব ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছেন।
    তিনি বলেন, ‘এগুলো সব অদ্ভূত ঘটনা। ঘটনাস্থলে কোনও আলামত পাইনি, হামলার শিকারদের মেডিকেল রিপোর্টেও কোনও অস্বাভাবিকতা ধরা পড়েনি; অন্য কেউ হামলাকারীকে দেখেওনি।’ nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ভারতে নারীদের অজ্ঞান করে চুরি হচ্ছে চুল Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান