কক্সবার্তা ডেস্ক:
মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগে দৈনিক আমাদের অর্থনীতি ও ইংরেজি দৈনিক এশিয়ান এজ’র বিরুদ্ধে একশ কোটি টাকার পৃথক মানহানি মামলা করবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
চীনে একটি সফরকে কেন্দ্র করে তার ছেলে ও মেয়ের জন্য আয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে বিমানের টিকিট চাওয়া হয়েছে এমন মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এরই মধ্যে সংবাদপত্র দুটির সম্পাদককে তার দপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, লন্ডনের একটি প্রতিষ্ঠান ইউরোমানি। তারা চীনের বেইজিংয়ে ‘চায়না এবং বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করার কথা জানিয়েছিল। বিষয়টির সত্যতা যাচাই করতে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে চিঠি দেই। রাষ্ট্রদূত খোঁজ নিয়ে জানান এ ধরনের কর্মসূচির কোনো তথ্য তাদের কাছে নেই। অথচ গত ১৩ আগস্ট আমাদের অর্থনীতি ও ১৬ আগস্ট এশিয়ান এজ এই অনুষ্ঠান সংক্রান্ত মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। অর্থমন্ত্রী আরো বলেন, পত্রিকা দুটি লিখেছে, অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে আয়োজক সংস্থা ইউরোমানির কাছে আমি ছেলে ও মেয়ের জন্য প্লেনের টিকিট চেয়েছি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। এতে আমার সম্মানহানি হয়েছে।
আবুল মাল আবদুল মুহিত বলেন, গত নয় বছরে কারো কাছ থেকে প্লেনের টিকিট নিয়ে আমি কোথাও যাইনি। আর তা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ, আমি যখন সরকারি কোনো অনুষ্ঠানে বিদেশ গেছি তখন সব খরচ সরকার বহন করেছে। আর সরকারি বিধান অনুযায়ী সফরসঙ্গী হিসেবে আমি একজনকে নিতেই পারি।
অর্থমন্ত্রী বলেন, সংবাদটি করার আগে বিষয়টি নিশ্চিত করার জন্য আমাদের বক্তব্য নেওয়া উচিত ছিল। তারা অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্ধৃতি দিয়েছে। কিন্তু বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
এ সময় অর্থমন্ত্রী সাংবাদিকদের সামনে ইআরডি সচিবের সঙ্গে কথা বলে নিশ্চিত করেন বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পত্রিকা থেকে কেউ যোগাযোগ করেনি। অর্থমন্ত্রী বলেন, দুটি পত্রিকাই বোগাস নিউজ করেছে। তাদের বিরুদ্ধে আমি একশ কোটি টাকা করে পৃথক দুটি মানহানির মামলা করার নোটিস দিচ্ছি।
itt//ফাইল ছবি//