• Latest News

    ডিবির হাতে আটক, ছিনিয়ে নিল কোস্টগার্ড


    কক্সবার্তা ডেস্ক:
    কক্সবাজারের টেকনাফে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ফিরোজ আহমদকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করলেও অস্ত্রের মুখে তাকে ছিনিয়ে নিয়েছেন কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লে. কমান্ডার জাফর ইমাম সজিব।
    এ ঘটনায় জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদি হয়ে টেকনাফ থানায় সাধারণ ডায়েরি করেছে। যার নম্বর ৫৫৭।
    টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান বলেন, “একজন লোককে আটকের জের ধরে দুই বাহিনীর মধ্যে কিছু একটা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।”
    সাধারণ ডায়েরির তথ্য অনুযায়ী, এসআই আলমগীরের নেতৃত্বে ডিবির একটি দল রোববার বিকালে টেকনাফ বন্দর সংলগ্ন এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী ফিরোজকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার ডিবি কার্যালয়ে নেয়ার চেষ্টা করা হলে তিনি গাড়িতে না উঠে নিচে গড়াগড়ি দিতে থাকেন।
    এসময় ঘটনাস্থলে এসে কোস্টগার্ডের লে. কমান্ডার জাফর ইমাম সজিব ডিবি সদস্যদের চার্জ করেন এবং তার সঙ্গে থাকা বাহিনীর সদস্যদের সশস্ত্র অবস্থায় সর্তক থাকার নির্দেশ দিয়ে জানান, ফিরোজকে তিনি নিয়ে যাবেন, কেউ বাধা দিলে গুলি করা হবে। পরে তিনি ডিবি সদস্যদের ১৫ মিনিটের মধ্যে স্থান ত্যাগ করা নির্দেশ দিয়ে ফিরোজকে নিয়ে যান।
    বিষয়টি দুঃখজনক মন্তব্য করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, ঘটনাটি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
    তবে অস্ত্র প্রদর্শনের ঘটনা সত্য নয় দাবি করে লে. কমান্ডার জাফর বলেন, “কোস্টগার্ড কার্যালয়ের সামনে থেকে ফিরোজকে গোয়েন্দা পুলিশের লোকজন ধরে নিয়ে যাচ্ছিল। আটকের ব্যাপারে জানতে চাইলে তারা সঠিক কোনও তথ্য দিতে পারেননি। এক পর্যায়ে তারা ফিরোজকে ছেড়ে দেয়।”
    (সুত্র-দৈনিক কক্সবাজার)

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডিবির হাতে আটক, ছিনিয়ে নিল কোস্টগার্ড Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান