• Latest News

    টেকনাফে সন্ত্রাসী হামলা: গাড়ি ভাংচুর, নগদ টাকা লুট সহ ফাঁকা গুলি বর্ষণের অভিযোগ


    টেকনাফ সংবাদদাতা :
    টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকায় সন্ত্রাসী হামলায় ট্রাক গাড়ী ভাংচুর, নগদ টাকা, মোবাইল সেট লুট ও ৮/১০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণের অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায় গত ০২ জুন জুমাবার বিকাল ৩টার দিকে নয়াবাজার এলাকা মৃত কাদের হোছনের পুত্র ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন ড্রাইভারের মালিকানাধীন একটি ট্রাক গাড়ী চট্টমেট্টো-ট-১১-৪০০৯ ঢাকা থেকে ভাড়া মেরে ফিরে এসে নয়াবাজার ষ্টেশনস্থ মৃত আবুল বশরের ছেলে মোহাম্মদ শফিকের অফিসের সামনে প্রতিদিনের মত গাড়ীটি পার্কিং করে রাখে। এতে মোহাম্মদ শফিক ক্ষিপ্ত হয়ে গাড়ীটি সরিয়ে নেওয়ার জন্য বললে আবুল হোসেনের ছেলে মোহাম্মদ রাসেলের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিকাল ৫টার দিকে শফিকের ভাই বর্তমান ওয়ার্ড মেম্বার মোহাম্মদ রাকিব আহমদের নেতৃত্বে গফ্ফার, বক্তার, হাবিব, শফিক, তারেক, দেলোয়ার, মোবারক ও আনোয়ার নেতৃত্বে ২০/২৫ জনের একটি স্বশস্ত্র সন্ত্রাসী গ্রুপ অতর্কিতভাবে ফাঁকা গুলি বর্ষণ করতে করতে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। এ সময় প্রতিপক্ষের লোকজনকে না পেয়ে গাড়ীতে হামলা ও ভাংচুর চালায়। এক পর্যায়ে গাড়ীতে থাকা নগদ ৬০ হাজার টাকা ও ২টি মূল্যবান মোবাইল সেট লুট করে নিয়ে যায় বলে গাড়ীর মালিক আবুল হোসেন এ প্রতিবেদককে জানান। সে আরো জানান- রাকিব মেম্বার এলাকায় মেম্বার হওয়ার পর থেকে এলাকার ইয়াবা ব্যবসায়ীদের সাথে হাত মিলিয়ে তাদের আশ্রয় পশ্রয় দিয়ে এলাকাটিকে মাদক ও অবৈধ অস্ত্রের স্বর্গ রাজ্যে পরিণত করেছে। তার রয়েছে বিশাল সন্ত্রাসী বাহিনী। এলাকার সাধারণ মানুষ। তার বাহিনীর হাতে রীতিমত জিম্মি বলে অভিযোগ তুলেছে। তাছাড়া এলাকার একজন জনপ্রতিনিধি হয়ে নিজে হাতে অস্ত্র নিয়ে হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়ার বিষয়টি প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীকে রীতিমত হতবাক করে তুলেছে। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিষয়টির ব্যাপারে রাকিব মেম্বারের ভাই শফিক বলেন- আমার অফিসের সামনে একটি গাড়ী পার্কিং এর বিষয় নিয়ে সামান্য কথা কাটাকাটি হয় এবং তারা ৪/৫ জন আমাকে টানা হেচড়া করে। এতে গোলাগুলির মত কোন ঘটনা ঘটেনি। রাকিব আহমদ মেম্বার বলেন- আমার ভাই শফিকের সাথে তার অফিসের সামনে গাড়ী রাখার বিষয়ে আবুল হোসেন ড্রাইভারের ছেলে মোঃ রাসেলের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ৪/৫ জনে আমার ভাইকে মারধর করে পালিয়ে যায়। পরে কিছু আত্মীয়-স্বজন অতি উৎসাহী হয়ে লাঠি সোটা নিয়ে তাদের না পেয়ে গাড়ীতে ভাংচুর করে। আমি পরিস্থিতি শান্ত করি। এতে গোলাগুলির মতো কোন ঘটনা ঘটেনি। কিন্তু একটি মহল বিষয়টি ভিন্ন খাতে নিতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানাচ্ছি।ac

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টেকনাফে সন্ত্রাসী হামলা: গাড়ি ভাংচুর, নগদ টাকা লুট সহ ফাঁকা গুলি বর্ষণের অভিযোগ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান