• Latest News

    ইংল্যান্ডের জয় অস্ট্রেলিয়ার বিদায়, সেমি ফাইনালে বাংলাদেশ


    স্পোর্টস ডেস্ক :
    চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বের ১০ম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি আইনে ৪০ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। আর ইংল্যান্ডের জয়ের ফলে অস্ট্রেলিয়া এই আসর থেকে বিদায় নিল। ‘এ’ গ্রুপ থেকে ইংল্যান্ডের সঙ্গে সেমি ফাইনালে উঠলো বাংলাদেশ।
    প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রান করে অজিরা। ব্যাটিংয়ে নেমে ৪০.২ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ইংলিশরা তোলে ২৪০ রান। এরপর বৃষ্টি নামে। ইংলিশদের জন্য টার্গেট দাঁড়ায় ডাকওয়ার্থ লুইস মেথডে ২০০, বৃষ্টির কারণে খেলা আর মাঠে না গড়ালে তারও বেশি ৪০ রান স্কোরবোর্ডে জমেছিল ইংলিশদের।
    প্রথমে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া দলীয় ৪০ রানে নিজেদের প্রথম উইকেট হারায়। সপ্তম ওভারের দ্বিতীয় বলে ইংলিশ পেসার মার্ক উড ডেভিড ওয়ার্নারকে জস বাটলারের ক্যাচে পরিণত করান। স্টিভেন স্মিথের সঙ্গে ৯৬ রানের জুটি গড়ার পর বিদায় নেন আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ। তিনি ৬৪ বলে আট চারে ৬৮ রান করে বেন স্টোকসের বলে আউট হন। ২৮তম ওভারের চতুর্থ বলে লেগ স্পিনার আদিল রশিদের শিকার হন মইসেস হেনরিকেস। ব্যক্তিগত ১৭ রানে তিনি বিদায় নেন। ৩৩তম ওভারের প্রথম বলেই আউট হন অধিনায়ক স্টিভেন স্মিথ। মার্ক উডের বলে লিয়াম প্ল্যাঙ্কেটের ক্যাচে আউট হওয়ার আগে ৭৭ বলে করেন ৫৬ রান।
    দলীয় ২৩৯ রানের মাথায় বিদায় নেন গ্লেন ম্যাক্সওয়েল। তার ব্যাট ভয়ঙ্কর হয়ে ওঠার আগে উড তৃতীয় শিকার বানান তাকে। বাউন্ডারি লাইন থেকে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে ২০ রানে এ ডানহাতিকে ফেরান জেসন রয়। পরের ওভারেই নতুন ব্যাটসম্যান ম্যাথিউ ওয়েডকে ফেরান রশিদ। এই ওভারেরই শেষ বলে মিচেল স্টার্কও ক্যাচ দিয়ে ফেরেন। রশিদের চতুর্থ উইকেটে শিকার হন প্যাট কামিন্স। আর নবম উইকেট হিসেবে উডের বলে বোল্ড হন অ্যাডাম জাম্পা।
    ২৭৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৫ রানের মাথায় টপঅর্ডারের তিন ব্যাটসম্যান জেসন রয়, অ্যালেক্স হেলস আর জো রুট বিদায় নেন। এরপর জুটি গড়েন বেন স্টোকস আর দলপতি ইয়ন মরগান। এই জুটি থেকে আসে ১৫৯ রান। দলীয় ১৯৪ রানের মাথায় রানআউট হয়ে ফেরেন মরগান। এর আগে ৮১ বলে ৮টি চার আর ৫টি ছক্কায় করেন ৮৭ রান। বেন স্টোকস ১০৯ বলে ১৩টি চার আর দুটি ছক্কায় করেন অপরাজিত ১০২ রান। জস বাটলার ২৯ রানে অপরাজিত থাকেন।
    অস্ট্রেলিয়া এই ম্যাচে হারের ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে প্রথমবার সেমি ফাইনালের টিকিট কাটলো বাংলাদেশ। ডেথ গ্রুপ বলা হয়েছিল ‘এ’ গ্রুপকে। স্বাগতিক ইংল্যান্ড, দুইবারের চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ফর্মে থাকা নিউজিল্যান্ডের সঙ্গে এই গ্রুপে যোগ দিয়েছিল লাল-সবুজের জার্সি ধারণ করা বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম ভয়ঙ্কর দল বাংলাদেশ। নিউজিল্যান্ড-বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ও দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়াকে। বাংলাদেশ-নিউজিল্যান্ডকে হারিয়ে আগেই সেমির টিকিট নিশ্চিত করে স্বাগতিক ইংল্যান্ড। ঘুরে দাঁড়ানো টাইগাররা ইতিহাস সৃষ্টি করে হারিয়ে দেয় নিউজিল্যান্ডকে।nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ইংল্যান্ডের জয় অস্ট্রেলিয়ার বিদায়, সেমি ফাইনালে বাংলাদেশ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান