ডেস্ক রিপোর্ট :
আরব ইসলামিক-আমেরিকান সম্মেলনে যোগ দিতে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ২১ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সফররত সৌদি সংস্কৃতি এবং তথ্যমন্ত্রী ড. আওয়াদ বিন-সালেহ-আল-আওয়াদ মঙ্গলবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করে এ বিষয়ে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। বৈঠকে শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানগণ এই সম্মেলনে যোগ দেবেন। উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বিদেশে কোনো সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী এই সম্মেলনে যোগদান করবেন বলে আশা করা হচ্ছে। বৈঠকে প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তাঁর সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে বলেন, তাঁর সরকার দেশে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে এই ক্ষত দূর করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। শেখ হাসিনা বলেন, এ ক্ষেত্রে আমরা জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি এবং তারা আমাদের প্রতিটি কাজেই সহযোগিতা করছেন। এই সন্ত্রাস ও জঙ্গিবাদকে চিরতরে নির্মূল করতে যে কোনো মূল্যে এর অর্থ এবং অস্ত্রের সরবরাহ বন্ধ করতে হবে। গুটিকয়েক লোকের খারাপ কাজের জন্য সমগ্র বিশ্বে ইসলামের বদনাম হচ্ছে।
সৌদি মন্ত্রী বলেন, সন্ত্রাসের কারণে গত কয়েক বছরে ইরাকে ৯ লাখ এবং সিরিয়ায় ৬ লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। এ সময় বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ। অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এবং ঢাকায় সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচএম আল মুতাইরি উপস্থিত ছিলেন। ইত্তেফাক
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: সৌদি বাদশাহর আমন্ত্রণে রিয়াদ যাচ্ছেন প্রধানমন্ত্রী: যোগ দেবেন আমেরিকান সম্মেলনে
Rating: 5
Reviewed By: Unknown