• Latest News

    রোজা উপলক্ষে বাগানে ওষুধ দিয়ে দ্রুত লিচু পাকানো হচ্ছে


    কক্সবার্তা ডেস্ক : রমজান মাস উপলক্ষে ইফতারিতে লিচুর চাহিদা ব্যাপক। দামও ভালো পাওয়া যায়। কিন্তু বাগানের লিচু এখনো বড় হয়নি। কিংবা বড় হলেও পাকেনি। তাই রমজানের বাজার ধরতে অসাধু চাষিরা বাগানেই ওষুধ দিয়ে দ্রুত এ রসালো ফল বড় করছেন ও পাকাচ্ছেন।
    দিনাজপুরের বিরল উপজেলার গ্রামের পর গ্রাম লিচু বাগানে ভর্তি। কিছু কিছু গ্রামে এমন কোনো জায়গা নেই যেখানে চাষিরা লিচু বাগান করেননি। এমনকি বাড়ির আনাচে-কানাচে কিংবা পুকুর পাড়েও এ ফল চাষ করছেন তারা। অনেকেই নিজের জমিতে চাষ করছেন। কেউ আবার লিজ নিয়েও বাগান করেছেন।
    সরেজমিনে বিভিন্ন গ্রামের চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার আবহাওয়া বিরূপ হওয়ার কারণে ফলন কম হয়েছে। আবার অনেকের ফল দেরিতেও এসেছে। তবে দাম ভালো পাওয়া যাচ্ছে।
    বিরলের চাষিরা প্রায় সবাই চায়না থ্রি বা বেদেনা, কাঁঠালী, বোম্বাই আর মাদ্রাজি জাতের লিচু চাষ করেছেন। বর্তমানে বাজারে মাদ্রাজি জাতের লিচু এসেছে। হাজারে এর দাম ১৮শ’ টাকা। এছাড়া অন্য জাতের লিচু যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো প্রকৃতপক্ষে পরিপক্ক নয়।
    চাষিরা বলছেন, বেদেনা বা চায়না থ্রি লিচুর দাম সবচেয়ে বেশি। এ লিচু বড় হলে ওপরে খাচ কাটা বিলুপ হয়ে যায়, ছাল মসৃণ হয়। কিন্তু অনেক জায়গা বেদেনা পাওয়া যাচ্ছে, যা সময়ের আগেই বিক্রি করা হচ্ছে। এ লিচু পূর্ণ সময়ে বা পরিপক্ক হলে দাম হয় হাজারে ৫ হাজার টাকা।
    মাদ্রাজির পরে বাজারে আসার কথা বোম্বাই জাতের লিচু। হাজারে এর দাম ১৮শ’ থেকে ১৯শ’ টাকা। এরপর আসবে বেদেনা। আর সবশেষে আসবে কাঁঠালী। এগুলো সবচাইতে বড় হয়, তবে দাম হাজারে সাড়ে ৪ হাজার টাকার মতো।
    এদিকে, বাজারে এখন মাদ্রাজি লিচুর সময় হলেও বেদেনাও পাওয়া যাচ্ছে। চাষিদের অনেকেই বলছেন, এগুলো আসলে ওষুধ দিয়ে বড় করে পাকানো হচ্ছে। রমজানে ভালো দাম পাওয়ার জন্যই এসব করা হচ্ছে।
    আবার অনেক সময় দাম বেশি পাওয়ার জন্য অনেক লিচু হলে দেরিতে পাকার ওষুধও দেওয়া হয়।
    নাম প্রকাশে অনিচ্ছুক চাষিরা বাংলানিউজকে বলেন, রাইফেন নামে একটা ওষুধ আছে। এটা ফল বড় হতে ও দ্রুত পাকানোর জন্য বাগানে দেওয়া হয়। আর ফল দেরিতে পাকার জন্য চেলামিন নামের ওষুধ দেওয়া হয়। মূলত এগুলো জৈব উদ্দীপক ওষুধ। তবে বেশি পরিমাণে দেওয়া হলে তা ক্ষতিকর।
    বিষয়টির সঙ্গে একমত পোষণ করে বিরল উপজেলার সংকরপুর গ্রামের চাষী শাহ আলম বাংলানিউজকে বলেন, বিরল বাজারেই এমন ওষুধ বিক্রি হয়। যা দিয়ে ফল দ্রুত বড় করা ও পাকানো হয়। অনেকেই এটি বেশি করে দিয়ে ফল বিক্রি করেন।
    এ বিষয়ে বিরলের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মঞ্জুর আলী তালুকদার বাংলানিউজকে বলেন, এবার ফলন কম। ফলন বেশি হলে সাধারণত এমন অনৈতিক কাজ করে থাকেন চাষিরা। যাতে দ্রুত ফল বিক্রি করা যায়। আবার যাতে নষ্ট না হয়, এজন্য দেরিতে পাকার ব্যবস্থা করেন। তবে চেলামিন ও রাইফেন জৈব উদ্দীপক ওষুধ। এটি সঠিক মাত্রায় ব্যবহার করলে তা ক্ষতিকর নয়। তবে ইলিথিন ও কার্বাইড দিয়েও ফল পাকানো হয়। কিন্তু ওগুলো লিচুতে সাধারণত দেন না চাষিরা।
    তিনি আরও বলেন, আমরা চাষিদের নিয়ে নিয়মিত বৈঠক করি। তাদের সচেতন করি, কোনো ওষুধ যাতে দেওয়া না হয়। বাগানে এমন ওষুধ কেউ দিচ্ছে এমন খবর আমরা এখনো পায়নি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: রোজা উপলক্ষে বাগানে ওষুধ দিয়ে দ্রুত লিচু পাকানো হচ্ছে Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান