• Latest News

    ফ্লাইওভারের ছিড়ে পড়া গার্ডারের পাশেও সেলফি

    দেশ বার্তা::
    মালিবাগ ফ্লাইওভারের রেল লাইনের ওপরের অংশের নির্মাণ কাজের সময় গার্ডার ছিটকে পড়ার খবর পেয়ে সকাল থেকেই দুর্ঘটনাস্থলে আসছে উৎসুক জনতা। কী হয়েছে, সেটা জানা-বোঝার চেষ্টা করছেন। একজন আবার আরেকজনকে জিজ্ঞেস করছেন।

    এর মধ্যে আবার মোবাইল ফোনে ছবি উঠছে দেদারসে। স্বভাবতই হাল আমলে মোবাইলের সামনের ক্যামেরা অর্থাৎ সেলফি ছবি তুলতেই দেখা গেছে। সেই ছবি আবার ঘটনাস্থল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করতে দেখা গেছে অনেককে। পরিচিতজনকে ফোন করে এখানকার পরিস্থিতি জানাতেও দেখা গেলো অনেককে।

    রবিবার দিবাগত রাত দুইটার পর ওপরে তোলার সময় গার্ডার ছিটকে পড়ে নিহত হয়েছে একজন, আহত হয়েছে আরও দুই জন। কিন্তু লোকজনের মধ্যে গুজব ছড়িয়েছে, বলাবলি চলছে হতাহতের সংখ্যা হয়ত আরও বেশি।



    রেল লাইনের ওপরেই পড়েছিল গার্ডারটি। পরে ক্রেনে করে সেটি সরিয়ে নেয় কর্তৃপক্ষ। কিছুটা দূরে সরিয়ে রাখা বস্তুটির কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে জনতা। তাদের ভিড় সমালানোই কষ্টকর হয়ে যাচ্ছে নিরাপত্তাকর্মীদের জন্য।

    গার্ডারটির উপরে উঠে শত শত মানুষকে ছবি তুলতে দেখা যাচ্ছে। সবাই আফসোস করছেন, নানা অভিযোগ করছেন, বলছেন, নির্মাণ কাজে কোনো ত্রুটি ছিল। সরকার যেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

    দুর্ঘটনাটি গভীর রাতে না ঘটে দিনের বেলায় ঘটলে কী পরিমাণ হতাহতের ঘটনা ঘটতে পারতো, সে নিয়েও কথা হচ্ছিল জনতার মধ্যে। তাদের অনেকের মধ্যেই কয়েক বছর আগে চট্টগ্রামে এভাবেই একটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল ১৮ জনেরও বেশি।

    আরও কথা হচ্ছিল নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরকে অনুপস্থিতি নিয়ে। সকাল সাড়ে নয়টার দিকেও নির্মাতা প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তাকে ঘটনাস্থলে দেখা যায়নি।

    এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভও দেখা গেলো। আবদুর রহমান নামে একজন বলছিলেন, 'সবচেয়ে বড় কথা হলো আন্তরিকতা। দেখেন এতবড় ঘটনা ঘটল অথচ তাদের কেউ এখন পর্যন্ত ঘটনাস্থলে আসেনি।'

    ওই এলাকাতেই থাকেন আবদুর রহমান। নির্মাণ কাজ যেভাবে চলছে সেটি নিয়ে আগেই তার মনে আশঙ্কা ছিল বলে জানান তিনি। বলেন, 'আমি প্রায় সময়ে এই রাস্তা দিয়ে সকালে হাঁটাহাঁটি করি। এমন দুর্ঘটনার হতে পাওে বলে স্থানীয় কাউন্সিলরকে বলেওছিলাম। কিন্তু আমার কথা কেউই পাত্তা দেয়নি। আজ ঠিকই সেই দুর্ঘটনা ঘটল।'



    মালিবাগ রেলগেট এলাকায় দায়িত্বপালনকারী পুলিশের সহকারী উপপরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, 'ঘটনার পর থেকে এখনও পর্যন্ত ফ্লাইওভার নির্মাণকারী প্রতিষ্ঠানের কাউকেই দেখা যায়নি। আমি ট্রাফিকের দায়িত্ব পালন করছি, কেউ আসলে আমার নজরে অব্যশই পড়ত।

    মালিবাগ রেলগেটে এলাকায় একটি পুলিশের টহল গাড়ি রয়েছে। সেখানে পুলিশ সদস্যদেরকে নিজেদের মধ্যে হাসাহাসি আর গল্পগুজব করতে দেখা গেলো। যেন কিছুই হয়নি সেখানে।

    গতকাল রবিবার দিবাগত রাত পৌনে দুইটার সময়ে মালিবাগ রেলগেট এলাকায় ক্রেনের তার ছিড়ে গার্ডার পড়ে স্বপন মিয়া নামের এক শ্রমিকের মৃত্যু হয়। আহত হয়েছেন নুর নবী ও পলাশ নামে আরও দুইজন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ফ্লাইওভারের ছিড়ে পড়া গার্ডারের পাশেও সেলফি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান