• Latest News

    সাংবাদিক আফতাব হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড


    কক্সবার্তা ডেস্ক :
    একুশে পদকপ্রাপ্ত প্রবীণ ফটোসাংবাদিক আফতাব আহমেদ (৭৮) হত্যা মামলায় তার গাড়িচালক মো. হুমায়ুন কবিরসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
    মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকার ৪নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন। গত ২০ মার্চ আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য মঙ্গলবার (২৮ মার্চ) দিন ধার্য করেছিলেন।
    মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাতে রাজধানীর পশ্চিম রামপুরা ওয়াপদা রোডে ৬৩ নম্বরের নিজ বাসায় খুন হন ফটোসাংবাদিক আফতাব আহমেদ। পরদিন সকালে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। চারতলার ওই বাড়ির তৃতীয় তলায় আফতাব আহমেদ একাই থাকতেন।
    ২০১৪ সালের ২৫ মার্চ আফতাব আহমেদের গাড়িচালক মো. হুমায়ুন কবিরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-৩ এর উপ-পরিদর্শক আশিক ইকবাল। ২০১৪ সালে ঢাকা তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ইমরুল কায়েস আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ মামলায় বিভিন্ন সময় ২০ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়েছে।
    মামলার আসামিরা হলেন-আফতাব আহমেদের গাড়িচালক মো. হুমায়ুন কবির, মো. বিল্লাল হোসেন, হাবিব হাওলাদার, মো. রাজু মুন্সি (পলাতক) মো. সবুজ খান ও মো. রাসেল (পলাতক)।
    উল্লেখ্য, আফতাব আহমেদ ১৯৬৪ সালে ইত্তেফাক পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। ফটোসাংবাদিকতায় অনন্য অবদানের জন্য ২০০৬ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: সাংবাদিক আফতাব হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান