• Latest News

    নওগাঁয় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত ২

    নওগাঁর ধামইরহাটে ট্রাক্টরের ধাক্কায় সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাঁনকুড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- উপজেলার আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গনী মণ্ডলের ছেলে আব্দুল্লাহ আজমী ওরফে মান্না (৩২) ও তার ভায়রা উপজেলার কালুপাড়া বুধুপাড়া গ্রামের আনছার আলীর ছেলে সেনা সদস্য ফরহাদ হোসেন সুমন (৩৫)।

    নিহত সেনা সদস্য ফরহাদ হোসেন যশোহর ক্যান্টমেন্টে কর্মরত ছিলেন বলে পুলিশ জানায়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মান্না ও সেনা সদস্য ফরহাদ হোসেন মোটরসাইকেলে করে ধামইরহাট আসছিলেন। পথিমধ্যে আমাইতাড়া মোড় থেকে রাঙ্গামাটিগামী চাঁনকুড়ি নামক স্থানে একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ফরহাদ হোসেন ও মান্না নিহত হয়।

    ধামইরহাট থানার ওসি রকিবুল ইসলাম  জানান, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় জাতীয় সংসদের হুইপ ও ধামইরহাট-পত্নীতলা আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার শোক প্রকাশ করেছেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: নওগাঁয় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত ২ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান