• Latest News

    বাঘের গর্জন নাকি সিংহের হুংকার



    তামিরুল ইসলাম মিল্লাত::
    কক্সবার্তা ডট কম।।
    শ্রীলঙ্কার উপকূলীয় বন্দরের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে বিখ্যাত গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সবুজের গালিচা সমৃদ্ধ গলকে বুকে জড়িয়ে রেখেছে নয়নাভিরাম এক সমুদ্র। যেন স্বপ্নে পাওয়া এক মায়ার শহর। ১৯৯৮ সালে টেস্ট দিয়ে সর্বপ্রথম এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

    অভিষেক সেই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে স্বাগতিক শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। অভিষেক ম্যাচে লঙ্কান স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি কিউই ব্যাটসম্যানরা। কুমার ধর্মসেনা আর নিরোসান দিকওয়ালের বোলিং তোপে ১৬ রান পরাজিত হয় নিউজিল্যান্ড। ধর্মসেনা ৬ আর দিকওয়ালে নেন ৯ উইকেট।

    এমন বহু ম্যাচ আর ইতিহাসের সাক্ষী গল স্টেডিয়াম। মুশফিকুর রহিমের ডাবল শতক। মোহাম্মদ আশরাফুল এবং মুশফিকের ২৬৭ রানের সেরা জুটি। আর লঙ্কানদের অসংখ্য রেকর্ড বয়ে বেড়ানো গলে এখন পর্যন্ত মোট ২৮টি টেস্ট আর ৭টি ওয়ানডে ম্যাচের ফয়সালা হয়েছে গল স্টেডিয়ামে।

    আজ শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। যেটি হিসেবে ২৯তম গল টেস্ট। বাংলাদেশ সময় সকাল ১০.৩০টায় মাঠে গড়াবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টেন ক্রিকেট ও বাংলাদেশের চ্যানেল নাইন।

    প্রস্তুত গল স্টেডিয়াম। দুদিন আগে উইকেটে ঘাস ছিল। কিন্তু শেষে দিকে এসে ঘাস কাটা হয়েছে। ফলে মুশফিক বাহিনীর পরিকল্পনাটা পরিবর্তন করতে হচ্ছে। প্রথম হয়তো ভেবেছিল তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজাবে বাংলাদেশ। কিন্তু এখন বোধ হায় সেটি আর হচ্ছে না।

    উইকেটে ঘাস না থাকায় দুই পেসার ও তিন স্পিনার নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে একাদশে থাকতে পারেন তাইজুল ইসলাম। আর যদি তিন পেসার নিয়ে খেলে তাহলে তাসকিন ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা যাবে শুভাশীষ রায়ের নাম।

    অতীত পরিসংখ্যান বলছে, গলে গড়ানো মোট ২৮ টেস্টের পরিসংখ্যান বলছে, গলের পিচ স্পিন সহায়ক। রীতিমত স্পিনাররাই এই মাঠে দাপট দেখিয়েছেন। সেরা দশ উইকেট শিকারির মধ্যে ৮ জনই স্পিনার।

    সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তী বোলার মুত্তিয়া মুরালিধরন। তাঁর উইকেট সংখ্যা ১১১টি। মুরালির ধারে কাছে নেই কেউ। ৮৪টি উইকেট নিয়ে দ্বিতীয় সেরা আরেক লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাত।

    তৃতীয় উইকেট শিকারি স্পিনার দিলরুয়ান পেরেরা (২৯)। এরপর পাঁচ থেকে সাত নম্বরে আছেন আরও তিন শ্রীলঙ্কান ঘূর্ণি বোলার। সনাথ জয়সুরিয়া (২৪), অজন্তা মেন্ডিস (২৩) এবং সুরজ রানদীপ (২০)। বলা যায় দিন শেষে পার্থক্য গড়ে দিতে পারেন স্পিনাররাই।

    বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):

    তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম/শুভাশিস রায়, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

    শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য):

    দিমুথ করুণারত্নে, উপুল থারাঙ্গা, কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ (অধিনায়ক), সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা।

    কাগজে-কলমে গল টেস্ট:

    সর্বোচ্চ দলীয় সংগ্রহ: ৬৩৮ (বাংলাদেশ)

    এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ: ক্রিস গেইল ৩৩৩ (ওয়েস্ট ইন্ডিজ)

    সর্বাধিক রান: সনাথ জয়সুরিয়া ২৩৮২ (শ্রীলঙ্কা)

    সেরা বোলিং ফিগার: মুরালিধরন ৪৬ রানে ৭ উইকেট

    সেরা জুটি: মোহাম্মদ আশরাফুল এবং মুশফিকুর রহিম ২৬৭ রান।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বাঘের গর্জন নাকি সিংহের হুংকার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান