• Latest News

    খুটাখালীতে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা শিক্ষক রেজাউলের, তোলপাড়



    সিবিএন::
    চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের আল ফরমুচ লেছুমা করিম বালিকা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার সিনিয়র শিক্ষক রেজাউল করিম রেজুর বিরুদ্ধে। ২৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় মাদ্রাসার ছাত্রীদের জন্য নির্ধারিত বাথরুমে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী ছাত্রীর পরিবার মাদ্রাসা পরিচালনা কমিটির কাছে অভিযোগ করেছে। এই ঘটনা জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ছাত্রী ও অভিভাবকদের মাঝে ক্ষুব্ধতা বিরাজ করছে। তবে অভিযুক্ত শিক্ষককে রক্ষার জন্য একটি মহল তদবির করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
    ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, ২৭ ফেব্রুয়ারি মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও খুটাখালীর সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূরুল আবছার হেলালীর চেহলাম উপলক্ষ্যে মাদ্রাসা অর্ধদিবসে ছুটি ঘোষণা করা হয়। ছুটি হওয়ায় অধিকাংশ ছাত্রী মাদ্রাসা ত্যাগ করে। এর মধ্যে ভুক্তভোগীসহ তিন ছাত্রী তাদের জন্য নির্ধারিত বাথরুমে প্রাকৃতিক কর্ম সাধনে যায়। কিন্তু নিয়ম না থাকলেও ছাত্রীদের বাথরুমের দিকে যায় শিক্ষক রেজাউল করিম রেজু। তিনি সেখানে গিয়ে অন্য দু'ছাত্রীকে বকা দিয়ে তাড়িয়ে দেন। ওই দু'ছাত্রী চলে গেলে ভুক্তভোগী ছাত্রীকে বাথরুম পরিস্কারের নির্দেশ দেয় শিক্ষক রেজু। ওই ছাত্রী বাথরুম পরিস্কার করে চলে আসতে চাইলে তাকে জোর করে বাথরুমে ঢুকিয়ে নেয় রেজু। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। এতে ব্যর্থ হয়ে শিক্ষক রেজু ওই ছাত্রীকে শ্লীলতাহানি করে। ছাত্রী বিষয়টি তাৎক্ষণিক তার পরিবারকে জানায়। পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে মাদ্রাসার পরিচালনা কমিটির কাছে অভিযোগ করা হয়েছে।
    নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ১ মার্চ ছাত্রী ও তার মা মাদ্রাসায় উপস্থিত হয়ে মাদ্রাসার সুপার ও পরিচালনা কমিটির সভাপতির কাছে ঘটনার মৌখিক বর্ণনা দেন। সেখানে ছাত্রী তার উপর হওয়া ধর্ষণচেষ্টার বিস্তারিত খুলে বলেন। পরিচালনার কমিটির কাছে অভিযোগ দেয়ার পর ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। এতে এলাকার লোকজন ও অভিভাবকদের মাঝে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
    অভিযোগ উঠেছে, অভিযুক্ত শিক্ষককে রক্ষা করতে তদবির শুরু করেছে মাদ্রাসার সুপার মাওলানা আবদু শুক্কুর। তিনি ঘটনাটি ধামাচাপা দিতে নানা কৌশলে চেষ্টা চালাচ্ছে। এতে ছাত্রী ও অভিভাবকেরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এর প্রতিবাদে ১মার্চ বিক্ষুব্ধ ছাত্রীরা ক্লাস বর্জন করে। তারা অতিদ্রুত অভিযুক্ত শিক্ষক রেজুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। না হলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।
    এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক রেজাউল করিম রেজু অভিযোগ অস্বীকার করে বলেন, 'ছাত্রীরা বিশৃংখলভাবে দৌড়াদৌড়ি করছিল। তাই তাদের শাসন করেছি মাত্র। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আপনি সুপার ও সভাপতির কাছে জেনে নিতে পারেন।'
    জানতে চাইলে আল ফরমুচ লেছুমা করিম বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুর শুক্কুর ঘটনার সত্যতা স্বীকার করেন। কী ব্যবস্থা নিবেন তা জানতে চাইলে তিনি তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি পরিচালনা কমিটি ব্যবস্থা নিবে বলে জানায়।
    অভিযুক্ত শিক্ষককে রক্ষার চেষ্টার বিষয়ে জানতে চাইলে তিনি তেলে-বেগুনে রেগে উঠেন এবং হুমকির সুরে যা ইচ্ছে লেখার জন্য বলেন।
    মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি বাহাদুর হক সাহেবও ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, 'ছাত্রীর মা আমাকে অভিযোগ করেছে। তবে তেমন সিরিয়াস নয়। তারপরও ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা নিতে আহ্বান করেছেন তিনি। তারপরও আমরা কমিটির সদস্যরা বসবো। বসেই সবার সিদ্ধান্ত মতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।'
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খুটাখালীতে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা শিক্ষক রেজাউলের, তোলপাড় Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান