• Latest News

    কক্সবাজারের টেকনাফে আনসার ক্যাম্পে লুট হওয়া আরও ৬টি অস্ত্র উদ্ধার



    কক্সবার্তা ডেস্ক::
    কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরের আনসার ক্যাম্পের অস্ত্র লুট,হত্যা ও ক্যাম্পে হামলার মূলহোতা ও মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক রোহিঙ্গা ডাকাত নুর আলমকে গ্রেফতার করার ১২ ঘন্টা পর আরও ৬টি (এসএমজি) অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৭ এর সদস্যরা।আর এ ঘটনায় এখন পর্যন্ত আটক করা হয়েছে ৯ জনকে।

    ১ মার্চ ভোরে কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির তুমব্রু ইউনিয়নের পশ্চিমকুল পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

    কক্সবাজার র্যাব- এর কোম্পানি কমান্ডার আশেকুর রহমান জানান, ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে আনসার ক্যাম্পের হামলার মূলহোতা ও রোহিঙ্গা ডাকাত নুর আলমকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক নাইক্ষ্যংছড়ির তুমব্রু পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আনসার ক্যাম্পের লুট হওয়া আরও ৬টি অস্ত্র বুধবার ভোরে উদ্ধার করে র্যাব-৭ এর সদস্যরা।

    তিনি আরও জানান, গত বছরের মে মাসে টেকনাফে আনসার ক্যাম্পের লুট হওয়া ৬টি এসএমজি এবং রাইফেল উদ্ধার করা হয়। মঙ্গলবার র্যাবের হাতে গ্রেফতার হওয়া রোহিঙ্গা ডাকাত নুর আলমের স্বীকারোক্তি মতে নাইক্ষ্যংছড়ির পাহাড়ি এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

    এর আগে গত ১০ জানুয়ারি কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির তুমব্রুর দুটি পাহাড়ে র্যাব-৭ অভিযান চালিয়ে টেকনাফ নয়াপাড়া সংলগ্ন শালবন আনসার ক্যাম্পে হামলা,খুন ও অস্ত্র লুটের হোতা রোহিঙ্গা নাগরিক খাইরুল আমিন(বড়) ও মাস্টার আব্দুল কালাম আজাদ ও হাসান আহমদকে আটক করে।

    এসময় তাদের স্বীকারোক্তি মতে তুমব্রুর দুটি পাহাড়ে লুকানো ১টি এসএমজি,৩টি এম-টু রাইফেল,১টি চাইনিজ রাইফেল,৭টি লুণ্ঠিত ম্যাগজিন,১৮৯টি লুন্ঠিত গুলি, দেশীয় তৈরী ৫টি বন্দুক ও ২৬ রাউন্ড দেশীয় কার্তুজ উদ্ধার করা হয়। আর উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ৫টি অস্ত্র আনসার ক্যাম্পের বলে নিশ্চিত করেন আনসার মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান।

    উল্লেখ্য ২০১৬ সালের ১৩মে ভোরে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড শরণার্থী ক্যাম্পের পাশের পাহাড় হতে ১৫/২০ জন মুখোশধারী ডাকাত সিওডি ব্লক সংলগ্ন শালবাগান আনসার ক্যাম্পে হামলা চালায়। পরে ব্যারাকে ঢুকে আনসার সদস্যদের রশি দিয়ে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে এবং আলী হোসেন (৫৫) নামে এক আনসার সদস্যকে গুলি করে হত্যা করে।

    নিহত আনসার সদস্যের বাড়ি টাঙ্গাইলের শফিপুরের মৃত শুক্কুর আলীর ছেলে আলী হোসেন (৫৫)।এসময় হামলাকারীরা ১৫ মিনিটের মধ্যে ওই ক্যাম্পের আনসার বাহিনীর ব্যারাক থেকে ২টি এসএমজি, ৫টি চায়নিজ রাইফেল, ৪টি শটগান ও ৬৭০টি গুলি লুট করে পালিয়ে যায়।ওই ঘটনায় পরদিন অজ্ঞাতপরিচয় ৩০-৩৫ জনকে আসামি করে ওই ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার মো. আলমগীর হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

    জানা গেছে,ওই ঘটনায় সন্দেহভাজন ডাকাতরা হলেন- চট্টগ্রামে অবস্থানকারী রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) নেতা আবদুর রাজ্জাক ও ডি ব্লকের শীর্ষ ডাকাত রফিক, টেকনাফের শীর্ষ ডাকাত আবদুল হাকিম ডাকাত, রোহিঙ্গা শরণার্থী শিবিরের মোস্তাক, হারুন, নুর আলম, নেজাম, জকির আহমদ, রশিদ উল্লাহ, হাসান, মো. আয়াছ, হোসেন আহমদ, কেফায়েত উল্লাহ, মাস্টার রশিদ,ডা. ইউনুছ, খোরশেদ ও মাহামুদুল হাসান ও কুতুপালং শরণার্থী শিবিরের খাইরুল আমিন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজারের টেকনাফে আনসার ক্যাম্পে লুট হওয়া আরও ৬টি অস্ত্র উদ্ধার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান