• Latest News

    ‘৩০ টাকা দিয়ে গিটার ভাড়া করে শো করতাম’



    বিনোদন বার্তা::
    ২৪ মার্চ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গিটারের সুরের মূর্ছনায় মাতাবেন আইয়ুব বাচ্চু। আর এর মাধ্যমেই শুরু হবে গিটার উৎসব। বাংলাফ্লিক্স প্রেজেন্টস সাউন্ড অব সাইলেন্স শিরোনামের এই উৎসব ঢাকা ছাড়াও আরও পাঁচ বিভাগে আয়োজন করা হয়েছে।

    বুধবার সকালে এই উৎসবের বিস্তারিত জানাতে চ্যানেল আই-এর স্টুডিওতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে গিটার উৎসবের বিস্তারিত তুলে ধরেন আইয়ুব বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বাংলা ঢোল এর ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক।

    আইয়ুব বাচ্চু বলেন, 'একসময় পায়ে হেঁটে মাইলের পর মাইল গিয়ে ৩০ টাকা দিয়ে গিটার ভাড়া করে শো করতাম। এরপর গিটার হাতে নিয়েই বাড়ি থেকে বের হয়েছিলাম। আজ আমার গিটার শোনার জন্যই সব তরুণদের আহ্বান করছি। তরুণ গিটারিস্টরা অনুষ্ঠানে এলে শুনতে পারবে আমার গিটার কী বলতে চায়। সবার অনুরোধেই এমন আয়োজন।'



    ফরিদুর রেজা সাগর বলেন, 'একসময় গিটার বাজিয়ে আইয়ুব বাচ্চু বাসা থেকে বের হয়ে গিয়েছিলো। এখন আবার সব তরুণদের ডেকে আনছে আইয়ুব বাচ্চু তার গিটারের সুর দিয়ে। প্রথম থেকেই আইয়ুব বাচ্চু আমাদের সঙ্গে ছিলেন। চ্যানেল আই তার এই যাত্রার সঙ্গে থাকতে পেরে গর্বিত।'

    সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবে টানা দুই ঘণ্টা গিটার বাজানোর পাশাপাশি আইয়ুব বাচ্চু জিমি হেনড্রিক্স ও ডিপ পার্পলের দুটি গান গাইবেন। এই শো এর টিকিট মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। দর্শকরা টিকিট চাই  ডটকম থেকে এই শো এর টিকিট সংগ্রহ করতে পারবেন। বাংলাফ্লিক্স প্রেজেন্টস সাউন্ড অব সাইলেন্স এর  পৃষ্ঠপোষক হিসেবে আছে বাংলাফ্লিক্স, মিডিয়া পার্টনার চ্যানেল আই, বাংলাদেশ প্রতিদিন এবং রেডিও টুডে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ‘৩০ টাকা দিয়ে গিটার ভাড়া করে শো করতাম’ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান