• Latest News

    রূপগঞ্জে এক রাতে চার বাড়িতে ডাকাতি

    দেশ বার্তা::
    নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় চার বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে স্বর্ণ ও টাকাসহ মালপত্র লুটে নিয়েছে ডাকাত দল। প্রতিবাদ করতে গিয়ে ডাকাতদের হাতে আহত হয়েছেন চার জন।

    উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের হাউলিপাড়া, মাহমুদাবাদ ও টঙ্গীরঘাট এলাকায় মঙ্গলবার মধ্যে রাতে এসব ডাকাতির ঘটনা ঘটে।

    টঙ্গীরঘাট এলাকার ব্যবসায়ী সালাউদ্দিন জানান, রাত সোয়া ২টার দিকে ১০ থেকে ১২ জনের একদল মুখোশধারী ডাকাত ঘরের কেচি গেইট ভেঙে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে আলমারির চাবি নিয়ে ১০ ভরি স্বর্ণ ও নগদ ১০ হাজার টাকা লুটে নেয়। প্রতিবাদ করায় সালাউদ্দিন ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করে ডাকাত দল।

    একই কায়দায় তারেক মিয়ার বসতঘরে প্রবেশ করে পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে সেখান থেকেও স্বর্ণ, ল্যাপটপ ও নগদ ৭ হাজার টাকা লুটে নেয়। এসময় তারেক মিয়াকে মারধর করা হয়।

    হাওলিপাড়া এলাকার শিক্ষক শংকর চক্রবর্তী জানান, রাত দেড়টার দিকে একদল ডাকাত ঘরে প্রবেশ করে শংকর চক্রবর্তীসহ তার মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে ঘরে থাকা ১০ ভরি স্বর্ণ ও নগদ ৩৭ হাজার টাকাসহ মালপত্র লুটে নেয়।

    একই বাড়ির সজিত পালের ঘরে প্রবেশ করে ডাকাতদল। এসময় সজিত পালকে পিটিয়ে ও পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে ৭ভরি স্বর্ণ ও নগদ ২৫ হাজার টাকাসহ মালপত্র লুটে নেয়।

    মাহমুদাবাদ এলাকার জাকির হোসেন জানান, তার বাড়িটি খোলা জমি এলাকায় পড়েছে। রাত ২টার দিকে একদল ডাকাত ঘরের দরজা ভেঙে প্রবেশ করে স্বর্ণের চেইন, কানের দুলসহ মালপত্র লুটে নেয়। বাঁধা দেয়ায় জাকির হোসেনকে পিটিয়ে আহত করা হয়।

    এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতি হওয়া স্বর্ণ ও টাকাসহ মালপত্র উদ্ধারসহ ডাকাতদের আটকের চেষ্টা চলছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: রূপগঞ্জে এক রাতে চার বাড়িতে ডাকাতি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান