নিজস্ব প্রতিনিধি : কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালিতে শাহজালাল (২২) নামে এক যুবককে ছুরিকাঘাত করে খুন করে ঘাতক মহিউদ্দিন প্রকাশ ককটেল মহিউদ্দিন। পরে স্থানীয় জনতা মিলে গণপিটুনি দিলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘাতক মহিউদ্দিনেরও মৃত্যু হয়।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ইসলামপুর ইউনিয়নের মধ্য নাপিতখালী খেলার মাঠ সংলগ্ন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহজালাল ওই এলাকার আবুল কাশেম প্রকাশ রুব্বান কাশেমের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তুচ্ছ ঘটনার জের ধরে একই এলাকার মহিউদ্দিন প্রতিবেশী যুবক শাহজালালকে বুকে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এসময় আশপাশে থাকা জনতা ঘাতক মহিউদ্দিনকে আটক করে গণধোলাই দিলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। দুজনের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি কাজী মতিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ছবিতে: ঘাতক মহিউদ্দীন (গণপিটুনিতে মৃত্যুর পূর্বে) ও নিহত শাহজালাল//nb