• Latest News

    নেতা নয়, কর্মী দরকার- কক্সবাজারে ওবায়দুল কাদের


    সিবিএন :
    আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগে কর্মীর চেয়ে নেতা বেড়ে যাচ্ছে। কর্মীরা নেতা হয়ে যাচ্ছে। এটা দলের জন্য ভালো লক্ষণ নয়। তাই আমরা নেতা নয়, কর্মী চাই। কারণ বঙ্গবন্ধু কর্মীবান্ধব রাজনীতি করেছেন। তেমনিভাবে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা কর্মীবান্ধব রাজনীতি করেন। শনিবার বিকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
    ওবায়দুল কাদের বলেন, ‘নেতাতে ভরে যাচ্ছে আওয়ামী লীগ। সিকিনেতা, পাতিনেতা, পয়সানেতাসহ নানা নেতায় আওয়ামী লীগে এখন ভরপুর হয়ে উঠছে। কক্সবাজারে পয়সানেতার প্রভাব বেশি। কারণ এখানে নানাভাবে ব্যবসা অঢেল টাকা কামানো যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কিন্তু নেতার কোনো দাম নেই। তার কাছে জনগনই দামি। কেননা আওয়ামী লীগে ক্ষমতার উৎস জনগণ। জনগণই আমাদের ক্ষমতায় এনেছেন।’
    তিনি বলেন, ‘বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর ছবি উপরে, নিচের নিজের ছবি দিয়ে বড় বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, পোস্টার সাঁটানো হয়। এসব কিছুই থাকবে না। রয়ে যাবে শুধু হৃদয়ের লেখাগুলো। যেমন লিখেছিলেন বঙ্গবন্ধু, লিখেছেন শেখ হাসিনা। এই জন্য তারা জনগণের নেতা। এই গুণ বলে বিশ্ব প্রশংসিত এক রাজনীতিকের নাম শেখ হাসিনা। তাঁকে সারা বিশ্ব সম্মান করে।’
    মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের শত্রু যেন আওয়ামী লীগ না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। পদের জন্য আওয়ামী লীগের নেতায় নেতায় দ্বন্দ্ব হয়। কোন্দল হয়। এসব হলে বিরোধী দল সুযোগ নেবে। কোনভাবেই দলের মধ্যে বিভেদ হতে পারবে না। সব বিভেদ ভুলে তৃণমূলের নেতাকর্মীদের জন্য কাজ করতে হবে।’
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কোকিল বসন্তে আসে। ক্ষমতা থাকলেও কোকিল আসে। আওয়ামী লীগ এখন ক্ষমতায়। তাই অনেক বসন্তের কোকিল আওয়ামী লীগে ভিড়েছে। ক্ষমতা না থাকলে ওরা আবার পালায়। সুখে-দুখে, আনন্দ-বেদনায় যারা সবসময় সাথে থাকে তারাই প্রকৃত কর্মী। তারা আছে, থাকবে। কোনোদিন দূরে সরে যাবে না। এরকম সলিড কর্মী চাই। এসমস্ত নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।’
    বক্তব্যের শুরুতে মন্ত্রী বলেন, ‘লালগোলাপ লাগবে না, রজনীগন্ধ আর ভালোবাসা লাগবে না। শুধু কম কথা বেশি কাজ চাই। কম সময়। মাত্রা দেড় বছর। এই সময়ের মধ্যে তৃণমূলে দলকে গুছিয়ে আগামী নির্বাচনে দলের জয় নিশ্চিত করতে হবে।’ আগামী সুযোগ হলে জেলার তৃণমূল পর্যায়ে গিয়ে নেতাকর্মীদের কাছের খবর নেবেন কথা দেন মন্ত্রী।
    প্রতিনিধি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ‘চক্রান্ত করে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছিল পাকিস্তানি দোসররা। বিএনপি-জামায়াতের এই চক্রটি এখনো তৎপর রয়েছে। তারা বহির্বিশ্বে বাংলাদেশ ও এই দেশের জনগণ নিয়ে চক্রান্ত করে যাচ্ছে। পদ্মাসেতুর ষড়যন্ত্রও তাদের চক্রান্তের অংশ। কিন্তু রহস্য উন্মেচন হয়েছে। পদ্মসেতুতে বিশ্বব্যাংকে অভিযোগের সত্যতা পায়নি আদালত।’
    তিনি বলেন, ‘শেখ হাসিনার বিচক্ষণতা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন বহির্বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।’
    প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামিম বলেন, ‘নেতাকর্মীদের মধ্যে ঐক্য থাকলে পৃথিবীর কোন শক্তি আওয়ামী লীগকে দমাতে পারবে না। কারণ দেশের সবচেয়ে জনপ্রিয় দল আওয়ামী লীগ। কেউ এ দলকে দমাতে পারবে না। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দল ও সরকারের সমন্বয় রেখে দেশের এই উন্নয়নধারা অব্যাহত রাখতে হবে।’
    জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের পরিচালনায় ও সভাপতি এড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এইচএম এনামুল হক শামিম। আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া।
    জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, জেলা পরিষদের চেয়ারম্যান মোসতাক আহমদ, সাইমুম সরওয়ার কমল এমপি, আবদুর রহমান বদি এমপি ও আশেক উল্লাহ রফিক এমপি। এছাড়া বিভিন্ন পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
    আয়োজক কর্তৃপক্ষ জানান, কক্সবাজারে প্রথমবারের মতো আওয়ামী লীগের উদ্যোগে প্রতিনিধি সমাবেশ আয়োজিত হয়। প্রতিনিধি সমাবেশে কক্সবাজার জেলার প্রত্যেকটি উপজেলা, পৌরসভা, ইউনিয় ও ওয়ার্ড পর্যায়ের প্রায় ১০ হাজার নেতাকর্মী যোগদান করেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: নেতা নয়, কর্মী দরকার- কক্সবাজারে ওবায়দুল কাদের Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান