• Latest News

    এবার ট্রাম্পের কড়াকড়ির শিকার আলীর স্ত্রী-ছেলে


    বিদেশ বার্তা::
    কক্সবার্তা ডট কম।।
    যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'কড়াকড়ি'র শিকার হলেন কিংবদন্তির বক্সার মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী ও ছেলে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি বিমানবন্দরে তাদের আটকেছিলেন ইমিগ্রেশন কর্মকর্তারা। তারা মুসলিম কি না এই পরিচয় নিশ্চিত হতে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে।

    স্বামীর সঙ্গে ছবি দেখিয়ে স্ত্রী খলিলাহ কামাচো কিছু সময় পর ছাড়া পেলেও প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় জন্মগ্রহণ করা মার্কিন পাসপোর্টধারী মোহাম্মদ আলী জুনিয়রকে (৪৪)।

    আলী জুনিয়রের আইনজীবী ক্রিস মানচিনি মার্কিন সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।

    শনিবার এএফপির এ-সংক্রান্ত একটি খবরে বলা হয়, ৭ ফেব্রুয়ারি খলিলাহ কামাচো আলী, মোহাম্মদ আলী জুনিয়র এবং আলী জুনিয়রের বন্ধু আইনজীবী ক্রিস মানচিনি জ্যামাইকা থেকে ফ্লোরিডার ফোর্ট লরেডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আরবি নাম দেখে মোহাম্মদ আলীর স্ত্রী ও ছেলেকে অভিবাসন কর্মকর্তারা আটকান। স্বামীর সঙ্গে ছবি দেখিয়ে খলিলাহ কামাচো আলী ছাড়া পান।

    ক্রিস মানচিনি জানান, কিন্তু আলী জুনিয়র তেমন ছবি দেখাতে না পারায় তাকে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় বিমানবন্দরের কর্মকর্তারা তার কাছে বারবার জানতে চান, 'তুমি কি মুসলিম?' উত্তরে আলী জুনিয়র বলেন, বাবার মতো তিনিও মুসলমান।

    যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তারই প্রতিফলন দেখা গেছে আলীর পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায়- এ কথা উল্লেখ করে মানচিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে কতজন মানুষের সঙ্গে এমনটা ঘটেছে তা খুঁজে বের করার চেষ্টা করছে আলী পরিবার। এ ধরনের হয়রানি বন্ধে আদালতে আবেদন করার চিন্তাভাবনা করছেন তারা।

    তিনবারের বিশ্ব হেভিওয়েট বক্সিং শিরোপাধারী মোহাম্মদ আলী দীর্ঘদিন পারকিনসনস রোগে ভোগে গত বছরের ৩ জুন  ৭৪ বছর বয়সে মারা যান।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: এবার ট্রাম্পের কড়াকড়ির শিকার আলীর স্ত্রী-ছেলে Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান