ডেস্ক রিপোর্ট :
সাম্প্রদায়িক উগ্রবাদী অপশক্তি তলে তলে প্রস্তুতি নিয়ে আছে, খুব শিগগির বড় ধরনের হামলার আশঙ্কা আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জঙ্গিরা দুর্বল হয়ে গেলেও তারা তলে তলে প্রস্তুতি নিয়ে আছে বলে দাবি করেন তিনি।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনে ছাত্রলীগের নেতা মনিরুজ্জামান বাদল এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বাদল এর ২৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে ছাত্রলীগ।
এ সময় অপশক্তির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ থাকা ও দল ভারী করতে কোনো অপশক্তিকে আশ্রয় না দিতে ছাত্রলীগের প্রতি আহবান জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২২ জনকে হত্যা করে। এই ঘটনাটি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগের তৈরি করে। এর ছয় দিন পর কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল ফিতরের জামাতে হামলার চেষ্টা করে জঙ্গিরা। দুই পুলিশ সদস্য জীবন নিয়ে এই হামলা ঠেকালেও দেশে জঙ্গি তৎপরতার উত্থান যে আতঙ্কজনক পর্যায়ে পৌছে গেছে-একেই এর প্রমাণ হিসেবে দেখা হচ্ছিল।
তবে এই দুটি হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টা অভিযানে সাম্প্রতিক জঙ্গি তৎপরতার মূল হোতা হিসেবে চিহ্নিতসহ সন্দেহভাজর মোট ৩১ জন জঙ্গি নিহত হন। সবশেষ গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম মূল হোতা হিসেবে চিহ্নিত নুরুল ইসলাম মারজান এবং রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যায় জড়িত হিসেবে অভিযুক্ত সাদ্দাম হোসেন নিহত হন। পুলিশ এবং র্যাবের শীর্ষ পর্যায় থেকে একাধিকবার বলা হয়েছে জঙ্গিদের শক্তি নিঃশেষ হয়ে যাওয়ার পথে।
তবে ওবায়দুল কাদের এমনটি ভাবছেন না। তিনি বলেন, ‘হলি আর্টিজান এবং শোলাকিয়ার মতো ঘটনা থেকে বাংলাদেশ এখনও ঠিকমত বের হতে পারেনি। কারণ বিএনপি অপশক্তিকে প্রশ্রয় দিয়ে অপকর্মের মাধ্যমে দেশকে অশান্ত করার চেষ্টা করছে।’
উল্লেখ্য, ১৯৯১ সালের ৯ জানুয়ারি বিকালে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি কর্মসূচি চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির শহীদ মিলন চত্বরে মনিরুজ্জামান বাদলকে গুলি করে হত্যা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।
সুত্র: বিডি টুয়েন্টি ফোর লাইভ