• Latest News

    নভেম্বরে সড়ক দুর্ঘটনায় ২১৮ জনের প্রাণহানি

    ডেস্ক রিপোর্ট :
    গত নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় সারা দেশে ২৫ নারী, ২৮ শিশুসহ ২১৮ জন নিহত হয়েছেন। এ সময়ে সারা দেশে ১৭২টি দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৭২ জন।
    আজ বৃহস্পতিবার ‘নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির’ জরিপ ও পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
    সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০টি জাতীয় দৈনিক, আটটি অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থা এবং ১০টি আঞ্চলিক সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়।
    প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১১ মাসে ২ হাজার ৭১৭টি সড়ক দুর্ঘটনায় মোট ৩ হাজার ৮০ জন নিহত ও ৭ হাজার ৯১৮ জন আহত হয়েছেন। রাজধানী ঢাকাসহ সারা দেশে সড়ক, মহাসড়ক, জাতীয় সড়ক ও আঞ্চলিক সড়কে এসব প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৬ হাজার ৬২৪ জনের মৃত্যু হয়। সে হিসাবে গত বছরের তুলনায় সড়ক দুর্ঘটনা এবং এতে প্রাণহানি ও আহত মানুষের সংখ্যা চলতি বছর কমেছে।
    সংগঠনটির পর্যবেক্ষণে সড়ক দুর্ঘটনার জন্য প্রধান সাতটি কারণ চিহ্নিত করা হয়েছে। সেগুলো হলো ত্রুটিপূর্ণ গাড়ি চলাচল বন্ধে আইন প্রয়োগে শিথিলতা, যানবাহনে লাইসেন্সবিহীন অদক্ষ চালক নিয়োগ, প্রতিযোগিতামূলকভাবে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ওভার লোডিং ও ওভারটেকিংয়ে প্রচলিত বিধিবিধান না মানা, প্রচলিত ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ না করা, দীর্ঘ সময় বিরামহীন গাড়ি চালানো এবং মহাসড়ক ও জাতীয় সড়কের অনেক স্থানে ঝুঁকিপূর্ণ বাঁক ও যান চলাচলের অনুপযোগী বেহাল সড়ক।
    cd

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: নভেম্বরে সড়ক দুর্ঘটনায় ২১৮ জনের প্রাণহানি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান