ডেস্ক রিপোর্ট : ঐতিহ্যবাহী চট্টগ্রাম প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর নজিরবিহীন হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। দুটি মামলাতেই ঘটনার দিন আটক হওয়া চার যুবকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
নগরীর কোতোয়ালী থানায় বুধবার রাতে মামলা দুটি করা হয়। ২০০২ (সংশোধিত ২০১০ এর ৩/৪ এর দণ্ডবিধির ৩৭৯,৩০৭, ৪৪৮/৩৪ ধারায়) মামলা দুটি দায়ের হয়েছে।
এর মধ্যে চট্টগ্রামে প্রেসক্লাবে হামলা-ভাঙচুর, হামলাকারীদের নিবৃত্ত করতে আসা প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তীকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ এবং প্রেসক্লাবের জিনিসপত্র ভাঙচুরের চেষ্টার ঘটনায় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ একটি মামলা করেন।
এছাড়া হামলার শিকার সাংবাদিকদের পক্ষে বাংলানিউজের বিশেষ প্রতিনিধি রমেন দাশগুপ্ত অন্য মামলাটি করেন। হামলার শিকার সাংবাদিকরা হলেন,বাংলানিউজের বিশেষ প্রতিনিধি রমেন দাশগুপ্ত সিনিয়র ফটো করেসপন্ডেন্ট উজ্জল ধর সিংকু, ডেইলি স্টারের আলোকচিত্র সাংবাদিক অনুরুপ টিটু ও সুপ্রভাত বাংলাদেশের আলোকচিত্র সাংবাদিক হেলাল উদ্দিন সিকদার।
এছাড়া একুশে টেলিভিশনের আবাসিক সম্পাদক রফিকুল বাহার ও সময় টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান কমল দে’কে বহনকারী প্রাইভেট কারে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টার ঘটনাসহ আক্রান্ত সাংবাদিকদের পক্ষে রমেন দাশগুপ্ত এ মামলাটি করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ বাংলানিউজকে বলেন, প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এতে চারজনের নাম উল্লেখসহ ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
প্রেসক্লাবে হামলার ঘটনার মামলার বাদি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ বাংলানিউজকে বলেন, প্রেসক্লাবে ন্যাক্কারজনক হামলা, ভাঙচুর ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আমরা দুটি মামলা করেছি। হামলাকারীদের চিহ্নিত করে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ঐক্যবদ্ধ সনাতন সমাজ, বাংলাদেশ নামে একটি সংগঠনের মানববন্ধন কর্মসূচি থেকে চট্টগ্রাম প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর হামলা করা হয়। এসময় চার সাংবাদিককে লাঞ্ছিত করে তারা।
জানা যায়, বিকেলে প্রেসক্লাব ভবনের প্রধান ফটক এবং সামনের সড়ক অবরুদ্ধ করে মানববন্ধন করছিল তারা। এসময় সাংবাদিকরা প্রেসক্লাব ফটক ও সড়ক বন্ধ না করার অনুরোধ করলে তারা লাঠিসোঁটা নিয়ে হামলা শুরু করে। এসময় তারা সাংবাদিকের গাড়ি ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টা চালায়। এছাড়া সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নিয়ে নিজেরাই ছবি মুছে ফেলে।
খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে আটক করে। হামলা প্রতিরোধ করতে গিয়ে কোতয়ালি থানার এসআই বিকাশ চন্দ্র শীলও মাথায় আঘাত পান। আটক হওয়া চারজন হলেন আটক চারজন হল, অজয় দত্ত (২০), নয়ন সরকার (২১), পিয়াল শর্মা (২০) ও অনুভব মজুমদার (২১)। মামলায় এই চারজনের নাম উল্লেখ রয়েছে।
এদিকে ঘটনার দিন আটক চার যুবককে কারাগারে পাঠানো হয়েছে। ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারা অনুযায়ী তাদের মুখ্য হাকিমের আদালতে প্রেরণ করে পুলিশ। আদালতে যুবকদের জামিনের আবেদন করা হলে আদালত তাদের আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চট্টগ্রাম প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই মামলা
Rating: 5
Reviewed By: Unknown