• Latest News

    পাঠ্যপুস্তক বিতরণ উৎসব রোববার

    নতুন বছরের প্রথম দিন রোববার (১ জানুয়ারি) সারাদেশে 'জাতীয় পাঠ্যপুস্তক উৎসব' উদযাপিত হবে। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার সকাল সাড়ে ৯টায় আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে পাঠ্যপুস্তক উৎসবের কেন্দ্রীয় অনুষ্ঠান উদ্বোধন করবেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এ উৎসবের আয়োজক।

    অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা ও শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে ঢাকার ৩১টি স্কুলের ৫ হাজারের অধিক সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থাকবে।

    দেশের মাধ্যমিক স্তরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ উৎসব পালিত হবে। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উৎসবে উপস্থিত থাকবেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল ১০টায় গণভবনে ২০১৭ সালের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেবেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পাঠ্যপুস্তক বিতরণ উৎসব রোববার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান