• Latest News

    কক্সবাজারের মিষ্টি পানের জনপ্রিয়তা বাড়ছে


    কক্সবার্তা ডেস্ক :
    দেশজুড়ে কক্সবাজারের মিষ্টিপানের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বিশেষ করে, পর্যটকদের কাছে জনপ্রিয় হওয়ায় এ জাতের পান চাষে ঝুঁকছেন স্থানীয়রা। ফলে গত তিন বছরের ব্যবধানে বেড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে মিষ্টিপানের চাষ হচ্ছে। সেসঙ্গে বেড়েছে উত্পাদনও।
    কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে উত্পাদিত পানের ৮০ শতাংশ আসে কক্সবাজার থেকে। উত্পাদিত পান স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশেও বিক্রি হচ্ছে।
    জানা যায়, বর্তমানে কক্সবাজারের আট উপজেলার মধ্যে কুতুবদিয়া ছাড়া বাকি উপজেলাগুলোয় পান চাষ হয়। এসব উপজেলায় তিন প্রজাতির পান চাষ হচ্ছে। তার মধ্যে— গাছ পান দেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও মিষ্টি ও সাচি জাতের পান দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রফতানি হচ্ছে।
    কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৬-১৭ অর্থবছরে কক্সবাজারে ৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে পানের চাষ হয়েছে। যার বিপরীতে ১ লাখ ৪৬ হাজার ৫২৫ টন পান উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অথচ ২০১৫-১৬ অর্থবছরে কক্সবাজারে প্রায় তিন হাজার হেক্টর জমিতে চাষ করে ১ লাখ ৩৩ হাজার ৩৫০ টন পান উত্পাদন করা হয়েছিল। এর আগের অর্থবছরে ২ হাজার ৩০৫ হেক্টর জমিতে পান চাষ করে উত্পাদন করা হয়েছিল ১ লাখ ১৯ হাজার ৪০০ টন। একইভাবে ২০১৩-১৪ অর্থবছরে ২ হাজার ১৩৬ হেক্টর জমিতে পান চাষের বিপরীতে উত্পাদন হয়েছিল ১ লাখ ১৫ হাজার টন।
    কৃষকরা জানান, এক হেক্টর জমিতে পান চাষ করতে খরচ হয় সাড়ে ৬ লাখ টাকার মতো। বছরে প্রতি হেক্টরে ১০৭ টন পান উত্পাদিত হয়। সে হিসাবে প্রতি হেক্টর জমির বিপরীতে পান বিক্রি হয় ১৬ লাখ ১২ হাজার ৫০০ টাকার। উত্পাদন খরচ বাদ দিয়েও মুনাফা বেশি থাকায় দিন দিন এ খাতে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা।
    কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা আশীষ কুমার বণিক বার্তাকে বলেন, কক্সবাজারের পানচাষীদের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পানচাষীদের ঋণের পরিমাণও বাড়ানো হয়েছে। ফলে জেলায় দিন দিন পান চাষের প্রসার ঘটছে।
    খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজারের উপজেলাভিত্তিক একাধিক পানের বাজার বসলেও জেলার সবচেয়ে বড় বাজারটি বসে সদর উপজেলা গেটে। এ বাজারে হাট বসে প্রতি শনি ও মঙ্গলবার।
    গত মঙ্গলবার বাজারে গিয়ে দেখা গেছে, শতাধিক চাষী ছোট ঝুড়িতে করে পানের পসরা সাজিয়ে বসেছেন। জেলার ব্যবসায়ী ছাড়াও ঢাকা-চট্টগ্রাম থেকে আসা পান ব্যবসায়ীরাও পান কিনছেন বাজার থেকে। পরে এসব পান বড় বড় খাঁচায় ভর্তি করে ট্রাকযোগে নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন এলাকায়। এছাড়া গতকাল প্রতি বিড়া (১৯২টি) পান বিক্রি হয় ৩০০ থেকে ৩২০ টাকায়। অথচ এক মাস আগেও প্রতি বিড়া পান ২৭০ থেকে ২৯০ টাকায় বিক্রি হয়েছিল।
    পান ব্যবসায়ী বাদশা মিয়া ও মাহবুবুর রহমান বলেন, এসব পান দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করার পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম থেকে দুবাই, কাতারসহ বিভিন্ন দেশে রফতানি করা হয়।
    বাজার ইজারাদার ইমাম হোসেন বলেন, হাটবারে ৯০ থেকে ১০০টি খাঁচা ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া হয়। প্রতিটি খাঁচায় ৫০০ থেকে ৫৫০ বিড়া পান রাখা হয়। এলাকার মাটি ও আবহাওয়া পান চাষের উপযোগী হওয়ায় অল্প পরিশ্রমেই ভালো পান উত্পাদন করা যায়। তাই অন্যান্য ফসলের পাশাপাশি স্থানীয় কৃষকরা গুরুত্বের সঙ্গে পান চাষ করছেন।
    dc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজারের মিষ্টি পানের জনপ্রিয়তা বাড়ছে Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান