কক্সবার্তা ডেস্ক:
লক্ষ্মীপুরের রায়পুরে চতুর্থ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে মো. শাহজাহান (৩৮) নামে এক ব্যক্তি ওই ছাত্রীকে ধর্ষণ করে। তিনি দক্ষিণ-পূর্ব কেরোয়া গ্রামের ফকির বাড়ির আলি আযমের ছেলে।
ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ছাত্রীর মা জানান, ‘দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে শাহজাহান তার মেয়েকে কৌশলে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় চিৎকার শুনে ছুটে গিয়ে মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে যাই। থানা থেকে শিশুটিকে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে চিকিৎসকদের পরমার্শে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, ‘প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ‘এ বিষয় মামলা হয়েছে। ঘটনার পর থেকে ধর্ষক শাহজাহান পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।’
