চাঁদপুরে মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রনি (২০) নামে এক যুবক এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানা গেছে। রবিবার সকালে কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের শিলাস্থান গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
A
নিহত সাহেব আলী (৫৮) শিলাস্থান আমীর উদ্দিন প্রধানীয়া বাড়ির জামে মসজিদের ইমাম ও ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন।
A
স্থানীয় সূত্রে জানা যায়,রবিবার সকাল ৭টায় সাহেব আলী শিলাস্থান ফোরকানিয়া মাদ্রাসার মক্তবে শিশুদেরকে আরবী শিক্ষা দিতে আসলে রনি তার ওপর অতর্কিত হামলা চালায়। সাহেব আলীর বুকে এলোপাতাড়ি চুরিকাঘাত করে রনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় অন্য এক শিক্ষক আবু সাঈদ (২৮) বাধা দিলে তাকেও ছুরিকাঘাতে আহত করা হয়। মক্তবের ছাত্রদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে রনিকে হাতে-নাতে ধরে ফেলে। পরে স্থানীয় সাচার পুলিশ ফাঁড়ি ও কচুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাহেব আলীর মৃতদেহসহ রনিকে আটক করে থানায় নিয়ে আসে।
জানা যায়, সাহেব আলীর মেয়ে হাসিনাকে রনি বিয়ে করবে বলে বিভিন্ন সময়ে প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু রনি বখাটে হওয়ায় সাহেব আলী তার এই প্রস্তাব প্রত্যাখান করে। এতে রনি ক্ষিপ্ত হয়ে এ হত্যাকাণ্ড ঘটায়।
