মোঃনিজাম উদ্দিন, ডুলাহাজারা :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়া উপজেলার খুটাখালী মেদাকচ্ছপিয়া ঢালায় একটি যাত্রীবাহী চেয়ারকোচ চাপায় মোফিজুর রহমান (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। আজ ২০ অক্টোবর বিকাল সাড়ে ৪ টার সময় মহাসড়কের মেদাকচ্ছপিয়া মইক্কাঘোনা এলাকায় ঘটে এ দূর্ঘটনা। নিহতের বাড়ি ঈদগাঁও সদরের ভোমরিঘোনা বলে জানা গেছে। দূর্ঘটনার পর নিহতের লাশ স্থানীয়রা উদ্ধার করলেও দ্রুতগামী বাসটি পালিয়ে যায়। খবর পেয়ে মালমুঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে স্থানীয়দের মুখজবানবন্দি নিয়ে ফাঁড়িতে নিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কক্সবাজারমূখী দ্রুতগামী এস.আলম চেয়ারকোচ বর্নিত এলাকায় যুবকটিকে চাপা দিলে ঘটনাস্থলে সে প্রাণ হারায়। স্থানীয়দের মতে পুলিশ তাৎক্ষনিক পাশ্ববর্তী ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রে খবর দিয়ে ঘাতক বাসটি ঈদগাঁওতে জব্দ করা হয়েছে। এদিকে নিহতের স্বজনরা খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির দিকে রওয়ানা হচ্ছেন বলে জানা গেছে।
